গুলশানে লেকে লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়নি
গুলশান লেক থেকে মেহেদি হাসান (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত মামলা হয়নি। পুলিশ নিশ্চিত হতে পারেনি এটি হত্যা, না আত্মহত্যা। পরিবারের সদস্যরাও এ সম্পর্কে কিছু বলতে পারছেন না।
স্ত্রী ও দুই মেয়েসহ উত্তর যাত্রাবাড়ীতে থাকতেন মেহেদি হাসান। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। গত ২২ ফেব্রুয়ারি সকালে তিনি বাসা থেকে বের হন। এর এক দিন পর গুলশান লেকে তাঁর মরদেহ পাওয়া যায়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পথচারীরা ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে গুলশান ১ নম্বরে অবস্থিত ইন্ডিয়ান ভিসা সেন্টারের পেছনে লেকে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মর্গে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাঁর পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, কীভাবে তাঁর মৃত্যু হলো এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই লাশ উদ্ধারের ঘটনায় কোনো মামলা হয়নি, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, মেহেদির মৃত্যু রহস্যজনক। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। আবার আত্মহত্যার জন্য যাত্রাবাড়ী থেকে গুলশানে আসারও প্রয়োজন নেই।