ভারতীয় গণমাধ্যমে ঢাকার গুলশানে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে মুহাম্মদ সুলায়মান নামের এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। এই সুলায়মানের সঙ্গে বাংলাদেশে আইএসের কথিত প্রধান তামিম চৌধুরীর ভারতে দেখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা।
ভারতে গ্রেপ্তার হওয়া সে দেশের নাগরিক মোহাম্মদ মশিউদ্দিন ওরফে আবু মুসার জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও ডেকান ক্রনিকলের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তবে এসব প্রতিবেদনে তথ্যসূত্র হিসাবে কোনো কর্মকর্তার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন সদস্য হিসেবে গত জুলাইয়ে আবু মুসাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন দেশটির ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তারা।
প্রতিবেদনে দাবি করা হয়, সুলায়মান জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যায়ও জড়িত। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আবু মুসা দাবি করেন, শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের দুই দিন পর কলকাতায় আসেন সুলায়মান। তিনি (সুলায়মান) তাঁকে (মুসা) কলকাতায় আসা বিদেশি নাগরিকদের ওপর হামলা চালাতে বলেছিলেন। রেজাউল করিম হত্যাকাণ্ডের দুই দিন পর সুলায়মান কলকাতায় আসেন। কলকাতায় একটি হোটেলে অবস্থান করেন তিনি। ওই হোটেলে সুলায়মান কয়েকজন জঙ্গির সঙ্গে ছিলেন বলেও দাবি তাঁর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তাদের ধারণা, সুলায়মানের সঙ্গে হোটেলে অবস্থানকারী কয়েকজনের একজন হলেন আবু ইব্রাহিম আল-হানিফ ওরফে তামিম চৌধুরী।
তবে আবু ইব্রাহিম আল-হানিফই যে তামিম চৌধুরী, তা বাংলাদেশের কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। যদিও বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে আবু ইব্রাহিম আল-হানিফকেই তামিম চৌধুরী বলে উল্লেখ করা হচ্ছে।
তামিম চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক। তাঁকে বাংলাদেশে আইএসের কথিত প্রধানও বলা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার সব সময় বলে আসছে, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবু মুসার বরাত দিয়ে আইবির শীর্ষ কর্মকর্তারা বলেন, জেএমবি নেতা সুলায়মান ঢাকায় ভিন্ন ভিন্ন নামে কাজ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যার সঙ্গে জড়িত। যদিও ওই শিক্ষককে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে হত্যার দায় স্বীকার করে আইএস। মুসা তদন্ত কর্মকর্তাদের বলেন, ‘পশ্চিমবঙ্গের মালদহ রেলওয়ে স্টেশনে জেএমবির সুলায়মান ছাড়াও আরেকজন নেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এরপর তাঁরা কলকাতায় যান এবং একটি হোটেল অবস্থান করেন।’
১ জুলাই গুলশানের ওই রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করা হয়। ১ জুলাই হামলার কয়েক দিন পরেই ভারতীয় নাগরিক আবু মুসাকে আটক করেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: