গুলশানে হামলায় আরও ৭-৮ জন শনাক্ত: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় তামিম, মারজান ছাড়া আরও সাত-আটজনকে শনাক্ত করেছেন তদন্তকারী কর্মকর্তারা। হামলার পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে তাঁদের ভূমিকা ছিল। এঁদের কয়েকজনের সাংগঠনিক নামও পাওয়া গেছে, কিন্তু তাঁদের ছবি ও পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এদিকে গুলশানে হামলার ঘটনায় ‘অপারেশন কমান্ডার’ হিসেবে পুলিশের দাবি করা নুরুল ইসলাম ওরফে মারজানের পরিচয় শনাক্ত হওয়ার পর গত সোমবার রাত থেকে তাঁর বাবা নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, সাদা পোশাকের কয়েকজন লোক এসে মোটরসাইকেলে করে মারজানের বাবা নিজাম উদ্দিনকে পাবনা সদরের বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
গতকাল পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মারজানের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশ কিছুদিন আগে তাঁকে চট্টগ্রামে একাধিকবার দেখা গেছে বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার করা গেলে জঙ্গি হামলায় তাঁর ভূমিকা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। মারজান সম্পর্কে বিস্তারিত জানতে প্রয়োজনে তাঁর বাবাকে ঢাকায় আনা হবে।
রেস্তোরাঁয় হামলার মামলায় গ্রেপ্তার হাসনাত রেজা করিম সম্পর্কে মনিরুল বলেন, হাসনাত করিমের পূর্ব ইতিহাস, ঘটনাস্থলে তাঁর উপস্থিতি এবং ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত তাঁর কিছু ছবি দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে তাঁর বিষয়ে ব্যাপক তদন্ত প্রয়োজন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দফায় তাহমিদকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখনো হামলার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
সাম্প্রতিক জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে আসা তামিম চৌধুরী ও জিয়াউল হক গ্রেপ্তার আছেন কি না, জানতে চাইলে মনিরুল বলেন, কোনো বাহিনী তাঁদের গ্রেপ্তার করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই।
প্রথম আলোর পাবনা অফিস জানায়, গতকাল দুপুরে সদরের হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে মারজানদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে পরিবারের সদস্য ও স্বজনদের জেরা করছে পুলিশ। ছেলের জঙ্গি-সংশ্লিষ্টতার খবর ও স্বামী নিখোঁজ থাকায় চরম দুশ্চিন্তায় শয্যাশায়ী হয়ে পড়েছেন সালমা খাতুন। রাতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে।
সালমা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, তিনি সোমবার অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ছিলেন। রাত ১০টার দিকে বাড়ি ফিরে তাঁর স্বামীকে আর খুঁজে পাননি। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে জানান, রাত নয়টার পর সাদা পোশাকের ছয়-সাতজন লোক তিনটি মোটরসাইকেলে করে এসে তাঁর স্বামী নিজাম উদ্দিনকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যান। তিনি বলেন, ‘আমার ছেলের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকলে বিচার চাই।’
মারজানের বাবা নিখোঁজ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, পুলিশ এ বিষয়ে কিছু জানে না। মারজানের পরিচয় শনাক্ত হওয়ার পর জেলা পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। তবে কাউকে তুলে আনা হয়নি। পুলিশের কাছে নেই মারজানের বাবা।
প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখা যায়, মারজান ২০১২-১৩ শিক্ষাবর্ষে আরবি বিভাগে ভর্তি হন। ২০১৩ সালের নিয়মিত শিক্ষার্থী হিসেবে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৪৮ পান। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ১০টি বিষয়ের মধ্যে ছয়টিতে অংশগ্রহণ করেন। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে একটি পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন মারজান। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় এলাকায় আর দেখা যায়নি। তৃতীয় বর্ষেও আর ভর্তি হননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘নুরুল ইসলাম ওরফে মারজান শিবিরের সাথি ছিলেন। ২০১৫ সালের ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবদুর রব ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ জব্দ করে। সেখানে শিবিরের সাথিদের তালিকায় নুরুল ইসলামের নাম পাওয়া যায়। ল্যাপটপটি বর্তমানে গোয়েন্দা সংস্থার কাছে আছে।
প্রশাসনের এ তথ্য সম্পর্কে নিশ্চিত হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান সানির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।