গুলশানেও হুকুমের আসামি খালেদা জিয়া

গুলশানের গতকাল শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গুলশান থানায় বাদী হিসেবে মামলাটি করেছেন ইসমাইল হোসেন ওরফে বাচ্চু নামের এক ব্যক্তি।
মামলায় বিএনপির নেত্রী শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৬৫-৭০ জনকে আসামি করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলাটির বাদী ইসমাইল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। আমির হোসেন নামের এক ব্যক্তি ফোন ধরে জানান, ইসমাইল হোসেন শ্রমিক লীগের সঙ্গে জড়িত।
গতকাল দুপুর ১২টার দিকে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে রওনা হন সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। মিছিলটি দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গুলশান ২ নম্বর মোড়ের পাশে মেট্রোপলিটন শপিং প্লাজার সামনে যাওয়ার পর একটি ককটেল বিস্ফোরিত হয়। মিছিলে থাকা এক ব্যক্তির পায়ের ওপর এসে ককটেলটি পড়ে। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে মেট্রোপলিটন শপিং প্লাজায় ভাঙচুর চালান।