গুলশানের একটি বাড়িতে তল্লাশি, আটক ২
রাজধানীর গুলশানে রাজউকের উচ্ছেদ অভিযান চলার সময় একটি বাড়ি থেকে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
রাজউকের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেলা দুইটার দিকে উচ্ছেদ অভিযান চালাতে চালাতে আদালত গুলশানের ১৩ নম্বর সড়কের এসডব্লিউসি-২ নম্বর দোতলা বাড়িতে যান। কিন্তু অনেকক্ষণ কেউ দরজা খুলছিল না। পরে ১৫-২০ মিনিট পর ফটক খোলা হয়। বাড়িটিতে তিনটি ওয়াচ টাওয়ার রয়েছে। সঙ্গে সিসি ক্যামেরা। রয়েছে টিনশেড ঘর।
ওই বাড়ির একজন মাহমুদ হাসান নিজেকে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন। বলেন, এই মুহূর্তে ছয়জন শিক্ষার্থী এ বাড়িতে আছেন। তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। নিরাপত্তারক্ষী আছেন আটজন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের কাছে পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তারা সেখান থেকে সরে আসেন এবং ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এএসআই আকতারুজ্জামান পুলিশকে বিষয়টি জানান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই গুলশান থানার পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায়। তবে কিছু পাওয়া যায়নি। তল্লাশি শেষে বাড়ির তত্ত্বাবধায়ক পরিচয় দেওয়া মো. শামসুদ্দিন ও শিক্ষার্থী মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়।
বাড়ির তত্ত্বাবধায়ক শামসুদ্দিন বলেন, এ বাড়ির মালিকানা নিয়ে জটিলতা আছে। বাড়ির মূল মালিকের বোনও এ বাড়ির মালিকানা দাবি করছেন। তাঁরা মাঝেমধ্যে দখল করতে আসেন। এ কারণে নিরাপত্তার কড়াকড়ি। এই বাড়িটি একটি ডেভেলপার কোম্পানিকে দেওয়া হয়। এখানে থাকা শিক্ষার্থীরা ওই কোম্পানির লোকজনের আত্মীয়স্বজন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন বলেন, ‘আমরা ভেতরে তল্লাশি চালিয়ে কিছু পাইনি। তবে গোটা পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি।’