গুলশানের ঘটনার কয়েক দিন পরই আবার সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে গত বৃহস্পতিবার সকালে বিস্ফোরণ ও গুলির ঘটনার পর নতুন করে বিশ্বের সংবাদমাধ্যমে উঠে আসে বাংলাদেশ। তাদের পরিবেশিত খবরে উল্লেখ করা হয়, রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার কয়েক দিন পরই এ ঘটনা ঘটল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত শোলাকিয়ায় হামলা-সংক্রান্ত কয়েকটি সংবাদের চুম্বক অংশ তুলে ধরা হলো:

বাংলাদেশে বিশাল ঈদ জামাতের কাছে হামলায় নিহত ৪: বিবিসি

পুলিশি পাহারার মধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটায় এবং বন্দুক হামলা চালায়। ঈদের জামাতে অংশ নিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রায় তিন লাখ লোক জমায়েত হয়েছিলেন। ঈদগাহের বাইরে একটি পুলিশি তল্লাশির স্থানে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলেছে, এতে দুই পুলিশ কর্মী, এক হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। গুলশানে রেস্তোরাঁয় হামলার ঘটনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করলেও শোলাকিয়ার হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতে বোমা হামলায় নিহত ৪: নিউইয়র্ক টাইমস

বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতে বৃহস্পতিবার বোমা হামলায় দুই পুলিশ ও এক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইসলামিক স্টেটের বাংলাদেশে আরও হামলার হুমকির এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে রাজধানী ঢাকায় জঙ্গিরা এক রক্তাক্ত হামলা চালায়। বৃহস্পতিবারের হামলাটি হয়েছে ঢাকার উত্তর-পূর্বে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহে।

বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতে গুলি ও বোমা হামলায় নিহত অন্তত ৪: ইনডিপেনডেন্ট

ঢাকায় একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে সবচেয়ে বড় ঈদ জামাতে গুলি ও বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রায় দুই লাখ মানুষ ঈদ জামাতে অংশ নিতে শোলাকিয়ায় জমায়েত হওয়ার পর জঙ্গিরা এ হামলা চালায়। এ সময় তারা পুলিশের ওপর দেশে তৈরি বোমা নিক্ষেপ করে। এরপর তাদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, এই হামলায় দুই পুলিশ কর্মী নিহত হয়েছেন। নিহত বাকি দুজনের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারী।

বাংলাদেশে ঈদ জামাতে জঙ্গিদের মারাত্মক হামলা: গার্ডিয়ান

ঢাকার উত্তরে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় একদল সশস্ত্র ইসলামি কট্টরপন্থীর হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছেন। হামলাকারীরা বন্দুক, দেশে তৈরি বোমা ও রামদা নিয়ে হামলা চালায়। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে এক হামলাকারীও নিহত হয়েছেন। ঢাকায় একটি রেস্তোরাঁয় ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার ছয় দিনের মাথায় শোলাকিয়ায় এ হামলার ঘটনা ঘটল।

বাংলাদেশে ঈদ জামাতে জঙ্গি হামলায় নিহত ৩, আহত ১৪: রয়টার্স

পুলিশি পাহারার মধ্যেই বৃহস্পতিবার বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতে জঙ্গি হামলায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। রাজধানী ঢাকায় একটি রেস্তোরাঁয় বড় ধরনের জঙ্গি হামলার কয়েক দিনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। অন্তত পাঁচজন জঙ্গি শোলাকিয়ার হামলায় অংশ নেয়।