গুলশানের ঘটনায় হাসনাত ও তাহমিদ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হাসনাত করিমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আদালত থেকে নিয়ে যাওয়ার পথে ছবিটি তোলা। ছবি: আবদুস সালাম

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

হাসনাত করিম নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও তাহমিদ হাসিব খান কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গতকাল বুধবার রাতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। রাত পৌনে নয়টার দিকে হাসনাতকে গুলশান থেকে ও তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহমিদ হাসিব খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আদালত থেকে নিয়ে যাওয়ার পথে ছবিটি তোলা। ছবি: আবদুস সালাম

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে দুই পুলিশসহ পাঁচ বাংলাদেশি ও ১৭ বিদেশি নিহত হওয়ার পর থেকে হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান পুলিশের ‘নলেজে’ আছেন বলে গত মঙ্গলবার সাংবাদিকদের জানান পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

আজ দুপুরের পর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের পুলি​শ পরিদর্শক হুমায়ুন কবীর এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

ওই রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার দিন এই আসামিরা উপস্থিত ​থেকে জঙ্গিদের সহযোগিতা করেছেন বলে তদন্ত সূত্রে জানা গেছে। এ ছাড়া আসামিদের মোবাইল থেকে জঙ্গিরা যোগাযোগ করেছিল। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য এ আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

তবে এ দুই আসামির আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, তাঁরা এ ঘটনার কিংবা জঙ্গি–সংশ্লিষ্টতার সঙ্গে মোটেও জড়িত নন। তাঁরা ৩২ দিন ধরে পুলিশ হেফাজতে ছিলেন। তাই রিমান্ড আবেদন বাতিল করে তাঁদের জামিনের আরজি জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।