গুলশানের পাঁচ ওষুধের দোকানকে ১০ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ এবং নিষিদ্ধঘোষিত ওষুধ, ভেজাল ও অনুমোদনবিহীন প্রসাধন বিক্রির দায়ে রাজধানীর গুলশানের পাঁচটি ওষুধের দোকানকে ১০ লাখ টাকা জরিমানাসহ প্রচুর ওষুধ ও পণ্য ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়ন গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করে।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ ই এলাহী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁর উপস্থিতিতে জব্দ করা প্রায় ১০ লাখ টাকার পণ্য আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সাজা দেওয়া দোকানগুলো হলো তামান্না ফার্মেসি, ইসলামিয়া ফার্মেসি, গুলশান ফার্মেসি, এ্যাপোলো ফার্মেসি ও বরিশাল ফার্মেসি।
অভিযানের নেতৃত্বে থাকা এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা এসব নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভেজাল প্রসাধন বিক্রি করে আসছিল। অভিযানে বাংলাদেশের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।