গুলশানের ফুয়াং ক্লাবে অভিযান, মদ-বিয়ারসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের ফুয়াং ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাহিন চৌধুরী (৪৪) ও গোলাম মর্তুজা (৫০)। আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে র‍্যাব-১ এর যৌথ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক লে কর্নেল তুহিন মো. মাসুদ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুর একটার দিকে ৪১১ গুলশান তেজগাঁও লিংক রোডে ফুয়াং ক্লাবে অভিযান চালানো হয়। ফুয়াং ক্লাব কর্তৃপক্ষ অভিনব কায়দায় এসব বিয়ার ও মদ লুকিয়ে রেখেছিলেন। ব্যাপক তল্লাশি চালিয়ে ওই ক্লাবের গুদাম ঘরে সুড়ঙ্গের ভেতর এবং তাদের নিরাপত্তারক্ষীদের থাকার ঘর থেকে ৪৭৩ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও ৯৭৮ ক্যান বিদেশি বিয়ার আটক করা হয়। এ সময় ফুয়াং ক্লাবের দুই কর্মচারী মাহিন ও মর্তুজাকে গ্রেপ্তার করা হয়। ভেতরের ক্লাব ছাড়াও এসব মদ ও বিয়ার বাইরের ক্রেতাদের কাছে বিক্রি করা হতো।
বৈধ কাগজপত্র ছাড়াই আটক হওয়া মদ ও বিয়ার আমদানি হয়েছিল জানিয়ে তুহিন মো. মাসুদ বলেন, ফুয়াং ক্লাব কর্তৃপক্ষ ২০১১ সালের পর থেকে বিদেশি মদ, বিয়ার আমদানির কোনো বৈধ কাগজপত্র অভিযানের সময় দেখাতে পারেনি।
উদ্ধার হওয়া মদ ও বিয়ারগুলো পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।