
নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার আদালত তাঁকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। হাসনাত করিমকে এই মামলার প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হলো।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবির গতকাল হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে আট দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন। তদন্তকারী কর্মকর্তা হাসনাত করিমকে গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তাহমিদ হাসিব খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আবার সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে পৃথক আদালত হাসনাত করিমকে আট দিনের এবং তাহমিদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসনাত ও তাহমিদের আইনজীবীরা গতকাল তাঁদের জামিনের আবেদন করলে তা আদালতে খারিজ হয়ে যায়।
গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের পাশে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। পরদিন সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে নারী, শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করে। তাঁদের মধ্যে আটজনকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। ৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তাঁরা বাসায় ফিরে যাননি বলে তাঁদের পরিবার জানিয়েছিল। ৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশানে আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে আটক করার কথা জানায় পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ৪ আগস্ট তাঁদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। তখন ঢাকা মহানগর হাকিমের আদালতে রিমান্ড আবেদনে বলা হয়েছিল, হাসনাত করিম নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য এবং তাহমিদ তাঁর সহযোগী। বিভিন্ন সময়ে তাহমিদ হাসনাতকে সহযোগিতা করেছেন।
হাসনাত করিমকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় গতকাল তাঁর স্ত্রী শারমিনা পারভীন বলেন, ‘হাসনাতকে মামলায় গ্রেপ্তার দেখানোয় আমরা হতাশ। তবে আমরা আত্মবিশ্বাসী যে তদন্ত করা হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আমরা তাঁর মুক্তির জন্য কর্তৃপক্ষকে সহযোগিতা করে যাব।’
তাহমিদ হাসিব কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কানাডার স্থায়ী নাগরিক। হাসনাত বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক। ব্রিটেনের নাগরিক হলেও সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। ঘটনার দিন মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি হলি আর্টিজানে পরিবার নিয়ে খেতে গিয়েছিলেন বলে তাঁর পরিবারের দাবি।
গত ১ জুলাই রাতে ওই বাসা থেকেই পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। এই হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।