গুলশানের হোটেলে মুদ্রা ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার রাতে একজন মুদ্রা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৪৫)।
পুলিশ জানিয়েছে, নিহত নজরুল গুলশানের ডিসিসি মার্কেটের পল্টন মানি এক্সচেঞ্জ পয়েন্টের মালিক। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। রাজধানীর বাড্ডায় তিনি একটি বাসায় একা থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তানেরা নরসিংদীতে থাকেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর বলেন, গতকাল দুপুর থেকে বিকেলের মধ্যে নজরুলসহ কয়েকজন ‘আমারা’ নামের একটি হোটেলের ৭০১ নম্বর কক্ষে ওঠেন। আবদুস সালাম নামের এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিবন্ধন করে কক্ষটি গতকালই ভাড়া নেওয়া হয়েছিল। সন্ধ্যার দিকে হোটেলের কর্মীরা কক্ষে সেবা দিতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ জানা যায়নি।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, হোটেল কক্ষের মেঝেতে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় উপুড় হয়ে ছিল নজরুলের লাশ। তাঁর প্যান্ট দিয়েই পিছমোড়া করে তাঁর হাতের কবজি বাঁধা হয়েছে। হাতের মাঝ বরাবর প্যান্টের বেল্ট দিয়ে বাঁধা হয়েছে। সবুজ রঙের প্লাস্টিকের দড়ি দিয়ে পা বাঁধা হয়েছিল। তাঁর মুখে ছোপ ছোপ রক্ত পাওয়া গেছে। হোটেলের বিছানার বালিশেও রক্তের দাগ লেগে ছিল। ওই কক্ষ থেকে দুটি সিরিঞ্জও উদ্ধার করা হয়েছে। কক্ষে ধস্তাধস্তির কিছু চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাঁর মুখে কোনো কিছু গুঁজে দিয়ে পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আমারা হোটেলের বাইরে ও প্রাঙ্গণে একাধিক ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে। হোটেলটির ভেতরে সংবাদকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। তবে কর্মীরা জানিয়েছেন, হোটেলের চারদিক ক্যামেরা নজরদারির মধ্যে রয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে তারা সম্ভাব্য খুনির ভিডিওচিত্র সংগ্রহ করবে।
এদিকে নিহতের একজন আত্মীয় টিটু সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে নজরুলের মুঠোফোন নম্বর থেকে একজন ব্যক্তি ফোন করে তাঁর স্ত্রীকে টাকা নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে আবার ফোন করে বলা হয়, ‘টাকা লাগবে না, লাশ নিয়ে যান।’
নজরুল ওই হোটেলে কখন-কাদের সঙ্গে এসেছিলেন, এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। হোটেলের ডিউটি ম্যানেজার খালেদ দ্বীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।