দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে আহত পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে সদরুল মারা যান। হাসপাতালে থাকা পাকশীর যুবলীগ কর্মী আলাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পাকশীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল পাশা জানান, গতকাল রোববার রাত পৌনে আটটার দিকে পাকশীর রূপপুর মোড়ে সদরুলকে গুলি ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাকশীর ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সদরুলের দ্বন্দ্ব চলছিল। দুই বছর আগে প্রকাশ্যে সৌরভের হাত কেটে দেন সদরুল। এ ঘটনায় সদরুলকে প্রধান আসামি করে ঈশ্বরদী থানায় মামলা হয়। ওই ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরে গতকাল সদরুলের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক দেবব্রত পাল জানান, রাতে চিকিৎসার সময় সদরুলের শরীরের বিভিন্ন অংশে সাত-আটটি আঘাতের চিহ্ন ছিল। তাঁর বুক ও পেটে গুলির চিহ্ন ছিল।