গুলি করার পর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ শহিদুল ইসলাম শেখের (২৪) বিরুদ্ধে ডাকতির প্রস্তুতির অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় তাঁকে স্থানীয় এক ডাকাত সর্দারের সহযোগী বলে উল্লেখ করা হয়েছে। তবে জেলা পুলিশ সুপার বলছেন, গুলিবিদ্ধ শহিদুল ডাকাতের সহযোগী কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত শুক্রবার ভোরে সদর উপজেলার ভৈরমপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল গুলিবিদ্ধ হন। তবে তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ দিনের বেলায় তাঁকে ধরে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে।
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শহিদুল আমাদের দলের একজন কর্মী। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। নিরীহ একটি ছেলেকে দিনের বেলা ধরে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এটা ঝালকাঠির রাজাপুরের লিমনের ঘটনার পুনরাবৃত্তি।’
ওই ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আনোয়ার হোসেন বাদী হয়ে গত শুক্রবার মামলা করেন। এতে শহিদুল ইসলাম শেখসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, শুক্রবার ভোরে পুলিশ খবর পায়, ভৈরমপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। ভোর পাঁচটা ২০ মিনিটে এসআই আনোয়ারের নেতৃত্বে পুলিশ সেখানে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইট ও গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শহিদুলকে আটক করে এবং দুটি ধারালো অস্ত্র জব্দ করে পুলিশ। শহিদুলকে আন্তজেলা ডাকাত দলের সর্দার আশরাফের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।
শহিদুলের ছোট ভাই রাজিদুল শেখ বলেন, তাঁর ভাই ফল ব্যবসায়ী। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার সকাল সাতটার দিকে আরও কয়েকজনের সামনে পুলিশ তাঁর ভাইকে ধরে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে। শহিদুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।
পিরোজপুর জেলা উন্নয়ন নাগরিক কমিটির সদস্যসচিব মইনুল আহসান প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি যদি অপরাধীও হন, তার পরও ধরে গুলি করা কোনোভাবেই কাম্য নয়। এটা পুলিশের বাড়াবাড়ি।’
জানতে চাইলে পিরোজপুরের পুলিশ সুপার এস এস আক্তারুজ্জামান বলেন, ‘ওই এলাকার মানুষ আশরাফ ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ। গুলিবিদ্ধ শহিদুল তাঁর সহযোগী কি না, তা আমরা তদন্ত করে দেখছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।’