গুলি করে ও কুপিয়ে চার জেলায় ৪ জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রোববার ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিপক্ষের লোকজন সালাম শিকদার নামের এক ব্যক্তিকে সড়কি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একই দিন নড়াইলের লোহাগড়ায় ইউপি নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নুর ইসলাম শেখ নিহত হয়েছেন এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সুরুজ জামাল শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া শরীয়তপুরের জাজিরায় হারুন মাদবর নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর: বোয়ালমারীর ময়না ইউনিয়নের চরমোরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য আলিম বিশ্বাসের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর বিশ্বাসের বিরোধ চলে আসছিল।

গত শনিবার জাফর বিশ্বাসের সমর্থক জাহাঙ্গীর শিকদার গ্রামের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে আলিম বিশ্বাসের লোকজন তাঁকে (জাহাঙ্গীর) হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে আহত করেন। জাহাঙ্গীরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার জের ধরে গতকাল রোববার সকাল আটটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে জাফর বিশ্বাসের সমর্থক ও আলিম বিশ্বাসের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মোরাইল প্রাথমিক বিদ্যালয়ের পাশে জাফর বিশ্বাসের পক্ষের সালাম শিকদারকে (৪৫) একা পেয়ে প্রতিপক্ষের লোকজন সড়কি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

লোহাগড়া (নড়াইল): গত ২৮ মে জয়পুর ইউপি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেন বিজয়ী হন। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল আলম হেরে যান।

প্রত্যক্ষদর্শী, গ্রামবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ফুটবল খেলার সময় একজনের পায়ে আঘাত লাগে। এ নিয়ে দুপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল রোববার সকালে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুতি নেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ বেলা তিনটায় সালিস বৈঠকের সময় নির্ধারণ করে বেলা একটার দিকে ঘটনাস্থল ত্যাগ করে। এর পরপরই শরিফুল আলমের সমর্থক চরআড়িয়ারা গ্রামের মাতুব্বর আবু ছউদ মৃধা ও অনিচ মোল্লার নেতৃত্বে ৩০-৪০ জন ধারালো অস্ত্র নিয়ে আকতার হোসেনের সমর্থকদের ওপর হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপে নুর ইসলাম শেখ (৪৫) গুরুতর আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম শেখ ইউপি নির্বাচনে বিজয়ী আকতার হোসেনের সমর্থক ছিলেন। তিনি আস্তাইল গুচ্ছগ্রামে বসবাস করতেন এবং ভ্যানচালক ছিলেন।

চেয়ারম্যান আকতার হোসেন বলেন, মূলত ইউপি নির্বাচনের প্রতিহিংসা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে। শরিফুল আলম বলেন, ‘নির্বাচনের পরে আমি সবাইকে বলেছি যেন কোনো গোলমাল না হয়। ওই গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তর নিয়ে দ্বন্দ্ব ছিল। নির্বাচনকে কেন্দ্র করে এটি আরও জোরদার হয়েছে।’ 

পিরোজপুর: নাজিরপুর উপজেলার লঘুনাথপুর গ্রামের সরোয়ার শেখের সঙ্গে তাঁর ভাই মোশারেফ শেখের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির উঠানে এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে মোশারেফ শেখের ছেলে মেহেদী শেখ দা দিয়ে চাচাতো ভাই সুরুজ জামাল শেখ (২৭) ও তাঁর ছোট ভাই বাদল শেখকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। বাদল শেখ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সুরুজ খেজুরতলা বাজারের প্রসাধনী ব্যবসায়ী ছিলেন।

শরীয়তপুর: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে হারুন মাদবরকে (৩৭) গুলি করে হত্যা করেছে।

সেনেরচর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান মোসলেম মাদবরের সঙ্গে এসকেন্দার মাদবরের বিরোধ রয়েছে। এর জের ধরে প্রায়ই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল সকালে এসকেন্দারের সমর্থকেরা মোসলেম মাদবরের এক সমর্থককে মারধর করেন। এর জের ধরে দুপুরে মোসলেমের সমর্থকেরা শাহজাহান সাইফ নামের এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে ফেরার পথে এসকেন্দার সমর্থকদের ওপর গুলি ছোড়ে। তখন হারুন মাদবর, নুরুল ইসলাম মাদবর (৫০) ও মিলন তালুকদার (৩০) গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার পথে হারুন মাদবরের মৃত্যু হয়। হারুন মাদবর সেনেরচর ইউপির বালিয়াকান্দি গ্রামের হামেদ মাদবরের ছেলে।