গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে গত শনিবার বিদেশফেরত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে গতকাল রোববার রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের রাস্তা থেকে গুলিবিদ্ধ এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন, কাশিয়ানীর তিতা গ্রামের কালাম ফকির (৩৫) ও সরিষা ইউনিয়নের পিড়ালীপাড়া গ্রামের মন্টু খাঁ (৪৫)।
এলাকাবাসী, ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতা গ্রামের কালাম ফকির ও চান্দু মিয়ার পরিবারের মধ্যে নানা বিষয়ে বিরোধ চলে আসছে। ২২ দিন আগে কালাম মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। শনিবার গ্রামের আসাদ ফকির তাঁর বৃদ্ধা ফুফুর দীর্ঘজীবন কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে গ্রামবাসীর সঙ্গে কয়েকজন কৃষিশ্রমিক যোগ দেন। এ সময় চান্দু মিয়া ওই শ্রমিকদের বিনা পারিশ্রমিকে জমির ধান কাটার জন্য চাপ দেন। কালাম বাধা দিতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে চান্দু মিয়ার লোকজন কামালকে কুপিয়ে জখম করে। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।
পাংশায় নিহত মন্টুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঘুম থেকে মন্টুকে ডেকে নিয়ে যান কয়েকজন লোক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাত দুইটার দিকে গুলির শব্দ শোনা যায়। এ সময় পরিবারের সদস্যরা পালেরডাঙ্গী চৌরাস্তা মোড়ের মসজিদের পাশে মন্টুর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ভোর ছয়টার দিকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে গতকাল দুপুরে পাংশা থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত মন্টুর মামাতো ভাই নজরুল ইসলাম জানান, মাছ ধরা ও দিনমজুরের কাজ করে সংসার চালাতেন তিনি। তাঁর জানামতে, মন্টুর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।