গুলি করে ও কুপিয়ে বিকাশকর্মীদের টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে দিনে-দুপুরে মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর দুজন কর্মীকে গুলি করে ও কুপিয়ে দুর্বৃত্তরা ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার ধর্মপুর গ্রামের থানারহাট সড়কে এ ঘটনা ঘটে।

আহত দুই বিকাশ কর্মী হলেন জেলা শহরের সোনাপুর এলাকার মৃত সিরাজুদ্দৌলার ছেলে রুহুল আমিন ওরফে লিটন (২৬) এবং সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের লালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সালাউদ্দিন ওরফে আসিফ (২৫)। লিটন গুলিতে এবং আসিফ ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালীতে বিকাশের পরিবেশক এ এস কমিউনিকেশনের হিসাবরক্ষক দিপঙ্কর বৈষ্ণব প্রথম আলোকে বলেন, ওই দুই কর্মী রুহুল আমিন ও সালাউদ্দিন সকালে বিভিন্ন এলাকার এজেন্টদের নগদ পরিশোধের জন্য ১৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে সুবর্ণচর উপজেলার উদ্দেশে বের হন। দুপুর সোয়া বারটার দিকে তাঁদের মোটরসাইকেলটি থানারহাট সড়কের সুমনের দোকানে পৌঁছামাত্র চারটি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। তিনি বলেন, হামলাকারীরা এ সময় একাধিক আগ্নেয়াস্ত্র থেকে দুই বিকাশ কর্মীকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা ১৪ লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ছিনতাই করে বিকাশের টাকা লুট করার ঘটনা নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার পরই পুলিশের একাধিক দল ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।