গুলি করে ও ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দুটি আদিবাসী পরিবারের ওপর হামলা হয়েছে। দুর্বৃত্তরা গুলি করে ও ঘরে আগুন দিয়ে দুই পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালায়। এ সময় দুর্বৃত্তরা একটি বাড়ি লক্ষ করে গ্রেনেড নিক্ষেপ করে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি।
গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের ক্যায়াংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। যে দুই আদিবাসীর বাড়িতে হামলা হয়েছে তাঁরা হলেন মন্টু বিকাশ চাকমা ও মিলন চাকমা। তাঁরা দুজনই ইউপিডিএফের কর্মী। ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার পর দুই পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, দুই আদিবাসীর বাড়ি থেকে চারটি গুলির খোসা, তাজা গুলি ও একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
গতকাল ক্যায়াংঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মন্টু বিকাশ চাকমার বাড়ির টিনের চালা গুলিতে ঝাঁঝরা হয়ে হয়ে গেছে। তাঁর স্ত্রী মাধুরী চাকমা জানান, তাঁরা ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কুকুরের চিৎকার ও পেট্রলের গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে উঠে দেখেন কয়েকজন অস্ত্রধারী গুলি করছে। তারা একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বাড়িতে কিছু একটা নিক্ষেপ করে। পরে সকালে সেটি কুড়িয়ে পাই। সেটা নাকি গ্রেনেড। তিনি বলেন, অস্ত্রধারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার খবর পেয়ে চলে যায়।
মাধুরী চাকমা বলেন, অস্ত্রধারীরা চলে যাওয়ার পর পর গ্রামবাসীর সহযোগিতায় বালু ছুড়ে ঘরের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, তাঁর স্বামী মন্টু বিকাশ চাকমা ইউপিডিএফের কর্মী। তিনি বাড়িতে থাকেন না।
মন্টু চাকমার পাশের বাড়িতে থাকেন ইউপিডিএফের আরেক কর্মী মিলন চাকমা। তাঁর বাড়িতেও গুলি করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মিলন চাকমার স্ত্রী কনিকা চাকমা বলেন, প্রচণ্ড গুলির শব্দ শুনেও ঘর থেকে বের হইনি। পরে গুলির আওয়াজ থামার পর গ্রামবাসী এলে দেখতে পাই বাড়িতে আগুন। তবে তা ছড়াতে পারেনি। তিনি জানান, তাঁর স্বামীও বাড়িতে থাকেন না।
ক্যায়াংঘাট এলাকার কয়েকজন বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না এলে দুটি পরিবার আগুনে পুড়ে মারা যেত।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ও পুলিশ অবিস্ফোরিত একটি গ্রেনেড, চারটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে।