হেঁটে এসে পায়ে গুলি করে ‘বিকাশ’ এজেন্টের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুই দুর্বৃত্ত। গতকাল রোববার দুপুরে রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোডে এ ঘটনা ঘটে। আহত মো. ফয়সালকে (২৬) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ফয়সাল বলেন, গতকাল সকাল থেকে গ্রাহকদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা আদায় করে আরও কিছু প্রতিষ্ঠানে টাকা আদায়ের জন্য যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে কবরস্থান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই যুবক হেঁটে তাঁর পাশে এসে দাঁড়ায়। একজন তাঁর পাশে, আরেকজন তাঁর পেছনে অস্ত্র তাক করে বলে, ‘একটা কথা বললে ফালায়া দিবো।’ এরপর দুর্বৃত্তরা তাঁর কাঁধে ঝোলানো ব্যাগটি নিয়ে চলে যায়। যাওয়ার সময় তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপর গুলি করে। এ সময় তাঁর সঙ্গে আবু বকর নামে আরেক সহকর্মী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, বেলা দুইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।