রাজধানীর গুলশান ২ এলাকায় বিল্লাল হোসেন পাটোয়ারী নামের এক ব্যবসায়ীকে গুলি করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার সকাল ৯টায় ১১৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। বিল্লালের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের রানধুনি গ্রামে। বিল্লাল হোসেন বলেন, ১০৮ নম্বর সড়কে বিল্লাল টেলিকম নামে তাঁর একটি দোকান রয়েছে। একই সঙ্গে তিনি বিকাশ এজেন্ট। সকালে তাঁর ভাগনে দোকান থেকে ফোন দিয়ে জানান, বিকাশের লোক টাকা সংগ্রহ করতে এসেছেন। সঙ্গে সঙ্গে তিনি বাসা থেকে দুই লাখ ২০ হাজার টাকা প্লাস্টিকের একটি বক্সে রেখে একটি ব্যাগে করে দোকানের পথে রওনা দেন। কিন্তু কিছু দূর এগিয়ে গেলে দুজন লোক তাঁর গতিরোধ করেন। বিল্লাল বলেন, একজন অকথ্য ভাষায় তাঁকে গালি দিয়ে বাঁ হাতে গুলি করেন। এরপর আবার ডান হাতে গুলি করতে উদ্যত হলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁর হাত থেকে ব্যাগটি নিয়ে ওই দুজন মোটরসাইকেলে করে পালিয়ে যান।