গুলি করে ছিনতাইয়ের চেষ্টা, তিনজন আটক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মুঠোফোন কোম্পানির দুই বিক্রয় প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তিনজনকে ধরে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন পাবনার আবদুল হক (৩৫), ঢাকার সাভার উপজেলার নবীনগরের মো. আলামিন (৩২) ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মো. সুমন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাংলালিংকের জেলা বিক্রয় প্রতিনিধি জহিরুল ইসলাম (২২) ও এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি মো. অপু (২৪) সাটুরিয়ার দরগ্রাম বাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন। জহিরুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনের আসনে ছিলেন অপু। বেলা তিনটার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারী শিমুলিয়া এলাকায় বিক্রয় প্রতিনিধিদের মোটরসাইকেলটিকে থামায়। এ সময় ছিনতাইকারীরা ছয়-সাতটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর ছিনতাইকারীদের একজন জহিরুলের ডান পায়ে গুলি করে দুজনের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী পিছু নিলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। একপর্যায়ে এলাকাবাসী ছিনতাইকারী আবদুল হককে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকেসহ তিনজনকে আটক করে। পুলিশ আবদুল হকের কাছ থেকে ২১টি গুলি উদ্ধার করেছে। বিকেলে পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গুলিবিদ্ধ জহিরুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল হককে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পালানোর সময় ছিনতাইকারীদের ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশের শটগানের গুলি ছিনতাইকারী আবদুল হকের পায়ে লাগে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।