গুলি করে টাকা ছিনতাই অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের দত্তপাড়া এলাকায় গতকাল বুধবার ব্যাংক থেকে টাকা তোলার পর ফাঁকা গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম কাইয়ুম মিয়া। তাঁর বাড়ি শহরের সাটিরপাড়া এলাকায়। নরসিংদী বাজারে তাঁর কাপড়ের দোকান রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের বীরপুর এলাকার হুমায়ুন মিয়া (২৫) ও সাটিরপাড়া এলাকার বকুলতলা মহল্লার বাদশা মিয়া (২৩)। তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা, একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর বারোটার দিকে কাইয়ুম মিয়া দত্তপাড়া এলাকায় সোনালী ব্যাংক থেকে চার লাখ টাকা উত্তোলন করে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুজন যুবক কথা আছে বলে তাঁকে পাশের রামকৃষ্ণ মিশন সড়কে নিয়ে যান। সেখানে বুকে রিভলবার ঠেকিয়ে টাকা দিয়ে দিতে বলা হয়। এতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আতঙ্ক তৈরি করতে ফাঁকা গুলি ছোড়া হয়। গুলির শব্দ পেয়ে ব্যাংকের সামনে থাকা দায়িত্বরত পুলিশ এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করে আরেকটি গুলি ছুড়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান সন্ত্রাসী যুবকেরা। পরে পুলিশ তল্লাশি চালিয়ে হুমায়ুনকে রিভলবার ও ১০ হাজার টাকা এবং বাদশাকে চাকুসহ গ্রেপ্তার করে।