গুলি করে দেড় লাখ টাকা ছিনতাই
মুঠোফোনে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান বিকাশ এজেন্টের দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জের পুরান আটি পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আইডিয়াল লাইব্রেরির পরিচালক শাহদাত হোসেন বলেন, বেলা পৌনে দুইটার দিকে আটি বাজার এলাকার বিকাশের এজেন্ট সান করপোরেশনের দুই কর্মচারী ফজলুর রহমান (৩৪) ও সম্রাট হোসেন (২৬) টাকা লোড নেওয়ার জন্য মোটরসাইকেলে করে তাঁদের দোকানে আসেন। সম্রাট মোটরসাইকেলে ছিলেন। আর ফজলুর ঢোকেন দোকানে। ঠিক এই সময়ে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচজন সন্ত্রাসী এসে সেখানে হাজির। তারা মোটরসাইকেলে বসে থাকা সম্রাটের পায়ের কাছে গুলি করে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আর দোকানের ভেতর ঢুকে অপর কর্মচারী ফজলুর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুটি গুলি ছুড়ে। একটি গুলি দোকানের কাচে লাগে।
সম্রাট বলেন, তাঁর ব্যাগে রাখা ১ লাখ ৫৭ হাজার টাকা এবং ফজলুরের ব্যাগে একটি আইফোন ও কিছু টাকা ছিল। সবই নিয়ে গেছে সন্ত্রাসীরা।