গুলি করে, পিটিয়ে দুই ছাত্র হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে গুলি করে কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। রংপুর শহরে পিটিয়ে হত্যা করা হয়েছে নবম শ্রেণির এক ছাত্রকে। দুটি ঘটনাই ঘটেছে গত বুধবার বিকেলে ও রাতে। কলেজছাত্র হত্যার ঘটনায় একজন নারীকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর দুর্গাপুরে নিহত কলেজছাত্রের নাম রাজু আহমেদ (২৩)। তিনি উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আবুল করিমের ছেলে। পড়তেন স্থানীয় কানপাড়া ডিগ্রি কলেজে।
রাজুর নিকটাত্মীয় মনিরুল ইসলাম জানান, আর্থিক সংকটের কারণে রাজু ছোটবেলা থেকেই তাঁর চাচা শহীদুল ইসলামের ঘরে থেকে পড়াশোনা করেছেন। বুধবার রাত দেড়টার দিকে একদল লোক বাড়িতে এসে পুলিশ পরিচয় দিয়ে তাঁর চাচা শহীদুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। এ সময় রাজু দরজা খুলে বাইরে বের হন। তিনি ওই লোকগুলোর হাতে পিস্তল দেখে দ্রুত ঘরে ঢোকার চেষ্টা করেন। তখন পেছন থেকে তাঁকে গুলি করা হয়। গুলিটি তাঁর পিঠের নিচের দিকে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, এ ঘটনায় রাজুর চাচা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য শহীদুলের প্রতিবেশী এক নারীকে (৪০) আটক করা হয়েছে। তাঁর স্বামী বিদেশে থাকেন। তাঁদের সঙ্গে শহীদুলদের শত্রুতা রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক ওই নারীর সঙ্গে নওগাঁর এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি গ্রামে সালিস বৈঠক বসে। সেখানে শহীদুল ওই যুবককে পেটান। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
রংপুরে নিহত ছাত্রের নাম হাবিবুর রহমান। সে শহরের পাশারিপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী জাহিদুল ইসলামের ছেলে। পড়াশোনা করত রংপুর শহরের ধাপ এলাকার আল মদিনা ইনস্টিটিউটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাবিবের পরিবার সূত্রে জানা গেছে, জাহিদের একার উপার্জন দিয়ে সংসার চলত না। তাই তাঁর স্ত্রী পাশারিপাড়ার মোড়ে পিঠা বিক্রি শুরু করেন। হাবিব তার মাকে সহযোগিতা করত। পিঠার আটা আনতে হাবিব বুধবার বিকেলে স্থানীয় একটি মিলে যায়। সেখান থেকে ফেরার পথে ধাপবাজারের কাছে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে বেদম পেটাতে থাকে। তা দেখে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, হাবিবের মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। সে মারা যাওয়ার আগে কারা তাকে মেরেছে, এ রকম তিনজনের নাম বলে গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।