গুলি করে বিকাশের টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বিকাশের পরিবেশকের প্রায় ১০ লাখ টাকা গতকাল বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টাকালে এলাকাবাসী তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ সময় বিকাশ কর্মী মিলন চন্দ্র রায় (২৬) বাঁ হাতে গুলিবিদ্ধ এবং অপর কর্মী রফিকুজ্জামান (২৬) ছিনতাইকারীর কামড়ে আহত হন। 
আটককৃতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর নসরতপুর গ্রামের ছনিমুল্লাহ (২৮), দিনাজপুর কোতোয়ালি থানার গুঞ্জাবাড়ি গ্রামের আহসানুল হাবিব (২৮) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাঘজানা গ্রামের আল মামুন (২২)।
ছিনতাইয়ের কবলে পড়া সৈয়দপুরের বিকাশের পরিবেশক মেসার্স মোবাইল মার্ট-এর কর্মী রফিকুজ্জামান বলেন, ‘সহকর্মী মিলন চন্দ্র রায়সহ একটি মোটরসাইকেলে করে আমরা প্রায় ১০ লাখ টাকা নিয়ে জলঢাকায় যাচ্ছিলাম। দুপুর ১২টার দিকে কাজীরহাট এলাকায় পেট্রলপাম্পের সামনে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহী আমাদের পিস্তল দেখিয়ে মোটরসাইকেল থামাতে বলে। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ওরা টাকার ব্যাগ নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে। আমি পিস্তলসহ মামুন নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলি। সে আমার হাতে কামড় দিলে আমি তাকে ছেড়ে দিই। এরপর ধানখেতের দিকে দৌড় দিলে আমি আবারও তাকে ধাওয়া করে ধরে ফেলি। একপর্যায়ে মিলনের বাঁ হাতে গুলি করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে ধরে ফেলে এলাকাবাসী।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকেই আটক করা হয়েছে।