গুলি করে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত রোববার রাতে গুলি করে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। কোমরে ও পায়ে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

 ঘটনার শিকার ব্যক্তির নাম হাফিজুল ইসলাম (৩৯)। তিনি সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার ভাড়াটিয়া মো. আব্বাস আলীর ছেলে। মিজমিজি কান্দাপাড়া এলাকায় হাফিজুলের ওষুধের দোকান রয়েছে। পাশাপাশি তিনি মুঠোফোনে রিচার্জ ও বিকাশের এজেন্ট হিসেবেও ব্যবসা করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার একটি টিনের ছাউনির মার্কেটে রিয়া মেডিকেল নামে ওষুধের দোকান রয়েছে হাফিজুলের। একই দোকানে তিনি মুঠোফোনে রিচার্জ ও বিকাশের এজেন্ট হিসেবেও ব্যবসা করছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন হাফিজুল। মিজমিজি কান্দাপাড়া এলাকায় সড়কের মোড়ে পৌঁছালে তাঁর গতিরোধ করে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী। হাফিজুলের কাছে থাকা আড়াই লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে ছিনতাইকারীরা হাফিজুলের কোমরে ও পায়ে গুলি করে ব্যাগটি নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন বলেন, পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।