গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকায় এক দোকান কর্মচারীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দোকান কর্মচারীর নাম মো. সালাম (২৮)। তিনি গোড়ান বাজারে ‘একতা জেনারেল স্টোর’ নামের একটি মুদি দোকানে কাজ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন সালামের ভাষ্য, তিনি আজ সকালে গোড়ান টেম্পুস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা ব্যাংকের একটি শাখায় টাকা জমা দিতে রিকশায় যাচ্ছিলেন। একটি শপিং ব্যাগের মধ্যে টাকাগুলো ছিল। তিনি গোড়ান বাজার থেকে কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে রিকশার গতিরোধ করে। তখন পাশ থেকে আরও চার ব্যক্তি এসে তাঁকে ঘিরে ফেলে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারী দলের এক সদস্য তাঁর বাঁ পায়ের রানে গুলি করে। এরপর তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সালামের দাবি, ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কর্মস্থল গোড়ান বাজারে দোকানে নিয়ে যায়। পরে বেলা একটার দিকে ওই দোকানের আরেক কর্মচারী আনোয়ার হোসেন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ব্যাগে ঠিক কত টাকা ছিল তা নিশ্চিত করতে পারেননি সালাম। তবে তাঁর দাবি, কমপক্ষে ২০ লাখ টাকা ছিল। তিনি ওই টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, সালামের বাঁ পায়ের রানে গুলি লেগেছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী সালামের চিকিৎসা নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।