গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই
পাবনা জেলা সদরের বালিয়া হালট এলাকায় আজ মঙ্গলবার দুপুরে আলীম উদ্দিন নামে ব্র্যাক পাবনা কার্যালয়ের এক কর্মকর্তাকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্র্যাক পাবনা কার্যালয়ের হিসাব ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আলীম উদ্দিন ব্র্যাক পাবনা কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। আজ দুপুর ১২টার দিকে তিনি পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে ক্ষুদ্রঋণের ১৬ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে কার্যালয়ে ফিরছিলেন। সঙ্গে ছিলেন কার্যালয়ের ব্যবস্থাপক নজরুল ইসলাম। তাঁরা পাবনা-ঈশ্বরদী সড়কের বালিয়া হালট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন যুবক তাঁদের গতিরোধ করেন। ওই যুবকেরা চাপাতি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা দিয়ে দিতে বলেন। টাকার ব্যাগ ছিল আলীমের হাতে। তখন যুবকেরা আলীমকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যান। গুলি আলীমের হাতে লাগে। স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা নজরুল গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আলীম উদ্দিন বলেন, ওই যুবকদের মোটরসাইকেলটিতে কোনো নম্বর প্লেট ছিল না। তাঁরা টাকা নিয়ে ঈশ্বরদী সড়ক ধরে দ্রুত চলে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান সাংবাদিকদের বলেন, ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।