টাঙ্গাইলের কালিহাতীতে গুলি চালিয়ে চারজনকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি, গত শুক্রবার এলাকার দুই দল লোকের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় ওই চার ব্যক্তি নিহত হন।
গত শনিবার কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন এবং ঘাটাইল থানার এসআই উমর ফারুকের দায়ের করা দুটি মামলায় এই দাবি করা হয়েছে। কালিহাতী ও হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই দল লোকের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলিতে ওই চারজন নিহত হন বলে এতে উল্লেখ করা হয়েছে।
মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন করার এক ঘটনার প্রতিবাদে কালিহাতী ও হামিদপুরের সাধারণ মানুষ গত শুক্রবার বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় পুলিশের গুলিতে ফারুক, শামীম ও শ্যামল নামের তিন ব্যক্তি নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুবেল নামে গুলিবিদ্ধ আরেকজনের।
শনিবার কালিহাতী থানার এসআই মো. মোশারফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ মানুষকে আসামি করে কালিহাতী থানায় এবং ঘাটাইল থানার এসআই উমর ফারুক বাদী হয়ে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ মানুষকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে গুলি করে মানুষ হত্যা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনেছে।
পুলিশের এই মামলা দুটির বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ। ওই দিন ঘটনার প্রত্যক্ষদর্শী কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক আকলিমা বেগম বলেন, পুলিশ শত শত মানুষের সামনে গুলি চালিয়েছে। তাদের গুলিতেই লোকগুলো মারা গেছে। সেদিন দুই দল মানুষের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল জেলার সাবেক সরকারি কৌঁসুলি এস আকবর খান বলেন, পুলিশ শত শত মানুষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এ মামলাটি জামিন অযোগ্য। সাধারণ মানুষকে এই মামলা দিয়ে হয়রানি করার যথেষ্ট সুযোগ রয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বলেন, পুলিশের দায়ের করা মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি রাখা প্রয়োজন।