গুলি, ছুরিকাঘাত ও পিটুনিতে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন চলাকালে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে গুলি, ছুরিকাঘাত, পিটুনি ও ইটের আঘাতে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, সাংবাদিক, শিশু ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থক রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা উত্তরের মিরপুরের লালকুঠি এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর (৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড) প্রার্থী ইতি আক্তারের প্রতীকে জাল ভোট দেওয়ার সময় এক যুবককে ধরে ফেলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসমত আরা। এতে ইতির সমর্থকেরা তাঁকে পেটায় বলে অভিযোগ করেন আসমত আরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসমত আরা বলেন, মারধরের সময় তাঁর ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায় তারা। ব্যাগে ৮৫ হাজার টাকা ও সোনার চেইন ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে মানিকনগর মডেল হাইস্কুল ভোটকেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হন শারীরিক প্রতিবন্ধী কালু চন্দ্র শীল (৩২)। তাঁর স্বজনেরা জানান, নির্বাচনী গোলযোগ নিয়ন্ত্রণে পুলিশ ছররা গুলি করলে কালুর শরীরে গুলি লাগে।
বেলা তিনটায় বাসাবোতে ভোটকেন্দ্রে খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বিডি রাইজিং নামের একটি অনলাইনের সাংবাদিক ইয়াসিন হাসান রাব্বী (২৪)। তাঁর ডান ঊরুতে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিন জানান, আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোস্তফা কামালের লোকজন হুড়মুড় করে কেন্দ্রে ঢোকে। এ সময় একটি গুলি তাঁর ডান ঊরুতে লাগে।
বিকেল চারটার দিকে সূত্রাপুরের লালকুঠির মেমোরিয়াল হল ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত হন আবদুল মামুন নামের এক ব্যক্তি। তাঁর ভাই আরিফ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী। মামুন অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করেছে।
বেলা পৌনে দুইটার দিকে রমনার মধুবাগের শেরেবাংলা স্কুলের ভোটকেন্দ্রে গোলযোগের ছবি তুলতে গিয়ে আহত হন একটি অনলাইনের ফটোসাংবাদিক বোরহানউদ্দিন (২৮)। ওই এলাকায় সকাল পৌনে সাতটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ইটের আঘাতে আহত হন ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ (৪৫)। বিকেলে খিলগাঁওয়ের দারুল উলুম মাদ্রাসার সামনে ২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৫০)। একই সময় মালিবাগ রেলগেটে দুই দলের মধ্যে সংঘর্ষে আহত হন রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি।
দুপুর ১২টার দিকে পুরান ঢাকার কবি নজরুল কলেজ কেন্দ্রের সামনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইটের আঘাতে আহত হন ইংরেজি নিউ এজ পত্রিকার ফটোসাংবাদিক ইন্দ্রজিৎ কুমার ঘোষ (৪০)। বিকেলে বেগম বদরুননেসা কলেজে কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁরা হলেন মো. খালেদ (২২), মো. মহসিন (৪০), সাদ্দাম হোসেন (২৫), শোয়েব আলী (৫৫) ও লালু মিয়া (৫৫)।
দুপুরে কমলাপুর হাইস্কুলের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁরা হলেন আব্বাস (৪৫), সাইফুল ইসলাম (৩৫), সুমন (২৪), সাব্বির আহমেদ (৩৫) ও বকুল আহমেদ (৩০)। বেলা সাড়ে ১১টার দিকে কমলাপুরে বৌদ্ধমন্দিরের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইটের আঘাতে সাড়ে তিন বছরের শিশু আরাফাত সরদার আহত হয়।