গুলি ছুড়ে আ.লীগ নেতা কারাগারে
গুলি ছুড়ে দুজনকে আহত করার ঘটনায় করা মামলায় পাবনা সদর উপজেলার আতাইকুলা থানা আওয়ামী লীগের সভাপতি ও আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোরবান আলীসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শনিবার আতাইকুলা হাটে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার দুপুরে কোরবান আলী ও তাঁর এক সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪-এর বিচারক কুমার শিপন মদক আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আতাইকুলা হাটের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান কোরবান আলীর সঙ্গে আওয়ামী লীগের অপর নেতা আবদুল কুদ্দুস ওরফে বাতেন মাস্টারের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দুপুরে হাটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কোরবান আলী ও তাঁর সমর্থকেরা কয়েকটি গুলিবর্ষণ করেন। এতে আবদুল কুদ্দুসের দুই ছেলে মানিক হোসেন ও হীরন গুলিবিদ্ধ হন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম বলেন, ঘটনার পর আবদুল কুদ্দুস বাদী হয়ে চেয়ারম্যান কোরবান আলীসহ ২৪ জনকে আসামি করে একটি মামলা করেন। রাতে অভিযান চালিয়ে মামলার আসামি আমানত হোসেন ও বিপু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে কোরবান আলী ও তাঁর সহযোগী জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।