গুলি ছুড়ে-ককটেল ফাটিয়ে ডাকাতি
পটুয়াখালীর বাউফল থানার কাছে কুন্ডুপট্টি এলাকায় একটি জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা এ সময় গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ওই দোকানের দুজন কর্মচারী ও এক রিকশাচালক আহত হন।
গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট সব বন্ধ হয়ে যায়। আহত দুজন কর্মচারী হলেন শিবাস (২২) ও সুধান্ন (২৮)। আহত রিকশাচালকের নাম আলতাফ গাজী (৫০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শামীম বলেন, শিবাস ও সুধান্নের শরীর থেকে কিছু স্প্লিন্টার বের করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সুধান্ন বলেন, বীণা জুয়েলার্স নামের ওই দোকানে সন্ধ্যা সাতটার দিকে তিন-চারজনের সশস্ত্র লোকজন হামলা চালান। ডাকাতেরা অতর্কিতে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দোকানের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আহত রিকশাচালক আলতাফ গাজী বলেন, ‘আমি রাস্তায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় বিকট শব্দ শুনতে পাই। একটি ককটেল এসে আমার বাম পায়ে লাগে।’
দোকানের মালিক বাউফল পৌরসভার সাবেক প্রশাসক জীবন কৃষ্ণ সাহা বলেন, বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়েছে। তবে কি পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ আহম্মেদ তালুকদার বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতেরা পালিয়ে যায়। দোকানে সিসি ক্যামেরা আছে। তা থেকেই ডাকাতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।