গুলি ছুড়ে টাকা ছিনতাই, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ফাঁকা গুলি ছুড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের দত্তপাড়া এলাকায় সোনালী ব্যাংকের শাখার পাশে রামকৃষ্ণ মিশন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি, একটি চাকুসহ দুজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের বীরপুর এলাকার হুমায়ুন মিয়া (২৫) ও সাটিরপাড়া এলাকার বকুলতলা মহল্লার বাদশা মিয়া (২৩)। এঁদের মধ্যে হুমায়ুন বাদুয়ারচর এলাকার এবাদ হত্যা মামলার আসামি।

পুলিশের ভাষ্য, দুপুর ১২টার দিকে নরসিংদী বাজারের ব্যবসায়ী কাইয়ুম মিয়া সোনালী ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বের হওয়ামাত্রই দুজন যুবক কথা আছে বলে পাশের রামকৃষ্ণ মিশন সড়কে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও কয়েকজন ছিল। এরপর তারা রিভলবার ঠেকিয়ে কাইয়ুমকে সঙ্গে থাকা টাকা দিয়ে দিতে বলে। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা একটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ পেয়ে থানার সামনে থাকা দুই পুলিশ সদস্য এগিয়ে এলে তাদের লক্ষ্য করে আরেকটি ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর মধ্যে ছিনতাইকারীরা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ পুরো দত্তপাড়া তল্লাশি চালিয়ে হুমায়ুনকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি ও বাদশাকে একটি চাকুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক অবস্থায় পুলিশ সুপার কার্যালয়ে হুমায়ুন মিয়া সাংবাদিকদের বলেন, রিভলবারটি স্থানীয় কাউরিয়াপাড়া এলাকার বাউলপাড়া মহল্লার জাকির নামের একজন সরবরাহ করেছে।

এ ব্যাপারে পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ঈদ সামনে রেখে ছিনতাইকারীরা তৎপর হয়েছে। আজ আটক দুজনের কাছ থেকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে যে কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ব্যাংকের লোকজনকে ব্যাংকের সামনে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি, ছিনতাইয়ের ঘটনায় একটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটিসহ মোট তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।