চট্টগ্রামে দুটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা, একজন নিহত, নয়জন আহত
গুলি, বোমা ছুড়ে পালিয়ে গেল ডাকাতেরা
বাধা পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ছোড়া গুলি ও বোমার বিস্ফোরণে চট্টগ্রামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের জিপিওর বিপরীতে ব্যস্ত এলাকায় দুটি সোনার দোকানে সশস্ত্র ডাকাতির চেষ্টা চলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, বিস্ফোরণে আহত পথচারী সৈয়দ রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি জানান, আহতদের মধ্যে দুজন ডাকাতও রয়েছেন। ডাকাতির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিস্ফোরণ ও গুলিতে আহত ব্যক্তিরা হলেন মনির, মালেক, নিশান, রাজিব চৌধুরী, সাব্বির, সত্যজিৎ, মনসুর, রফিকুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাঁরা বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আশীষ কুমারের ভাষ্যমতে, সশস্ত্র ডাকাতেরা মাইক্রোবাসে করে এসে জিপিওর (পোস্ট অফিস) বিপরীতে পাশাপাশি দুটি সোনার দোকান গিনি গোল্ড জুয়েলার্স ও অপরূপা জুয়েলার্সে হানা দেন। তিনজন সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নেমে সোনার দোকানে লুটপাটের চেষ্টা চালায়। গাড়ির ভেতরে আরও কয়েকজন ডাকাত ছিল, কেউ তা খেয়াল করেনি। একপর্যায়ে জনতা ডাকাতদের ঘেরাও করে ফেলে। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বোমার আঘাতে কয়েকজন আহত হন। এরপর ডাকাতেরা গুলি করে মাইক্রোবাসে করেই পালিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে সোনার দোকানের সামনে কাচ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। একটি দোকানের শাটার অর্ধেক নামানো। দোকানের ভেতরে অলংকার রাখার কাচের শোকেস ভেঙে গেছে। দোকানের সামনে একটি গাড়ি পার্ক করে লাখা। পেছনের কাচ ভেঙে চূর্ণ হয়ে গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জনতা বাধা দিলে ডাকাতেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
ওসি জানান, রাতেই নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়। মাদারবাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয়েছে। আর পাহাড়তলী থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মাইক্রোবাসের ভেতরে মুখোশ, জ্যাকেট ও স্বর্ণ মাপার নিক্তি পাওয়া গেছে।