নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিসি) অনুশীলন চলার সময় একটি গুলি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক সহকারী কমিশনারের কক্ষে আঘাত করেছে বলে অভিযোগ ওঠেছে। এতে অল্পের জন্য ওই সহকারী কমিশনার রক্ষা পান। তাঁর নাম মাহমুদা খাতুন। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে তাৎক্ষণিক পিটিসির কমান্ড্যান্ট মো. হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ ঘটনাস্থলে যান। তাঁরা জানালার কাচ ভেদ করে ঢুকে পড়া গুলির একটি অংশ উদ্ধার করেন। ঘটনাটি তদন্তে একজন পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
সহকারী কমিশনার মাহমুদা খাতুন প্রথম আলোকে বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় তাঁর কক্ষে জানালার পাশে বসে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১ টা ৫০ মিনিটে হঠাৎ একটি শব্দ হয়, দেখেন কক্ষের জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। তিনি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক এসে দেখেন কক্ষের ভেতরে গুলির একটি অংশ পড়ে আছে। তিনি সেটি উদ্ধার করেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন মাহমুদা খাতুন।
জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার বলেন, তাঁর কার্যালয়ের পাশে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি গুলি এসে সহকারী কমিশনারের কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে অল্পের জন্য ওই কমিশনারের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গুলির অংশটি পিটিসির কমান্ড্যান্ট নিয়ে গেছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ এ বিষয়ে বলেন, অসাবধাণতাবশত সম্ভবত একটি গুলি এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের কক্ষে ঢুকে গেছে। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির অংশটি তাঁদের হেফাজতে রয়েছে। এটি পরে পরীক্ষা করে দেখা হবে।
পিটিসির কমান্ড্যান্ট মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রে নোয়াখালী ছাড়াও আশেপাশের জেলা থেকে পুলিশ সদস্যরা এসে নিয়মিতভাবে ফায়ারিংয়ের অনুশীলন করেন। গতকাল ছিল লক্ষ্মীপুর জেলার একটি দলের অনুশীলন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের কক্ষে পাওয়া গুলিটি আদৌ পিটিসির কি না তা পরীক্ষার আগে বলা যাবে না। এ জন্য পিটিসির একজন পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের পর এ বিষয়ে নিশ্চিত বলা যাবে।