গুলি হলেও শোনেননি কেউ, সন্দেহে জঙ্গিগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জের নিস্তব্ধ এক গ্রাম দৌলা। দিনে হাঁস-মুরগি, পাখির কিচিরমিচির আর রাতে ঝিঁঝি পোকার শব্দ। বেশির ভাগ গ্রামবাসী রাত নয়টা বাজতে না-বাজতেই ঘুমানোর আয়োজন শুরু করেন। নিস্তব্ধ এই গ্রামটিতে গত সোমবার রাতে ‘কাদরিয়া মোহাম্মদী দরবার শরীফে’ ঢুকে ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তাঁর মুরিদ রূপালী বেগমকে (১৮) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কিন্তু আশপাশের ছয়টি বাড়ির ৩০ জন সদস্যের কেউ কোনো গুলির আওয়াজ শোনেননি।
স্থানীয় লোকজন জানান, সোমবার সন্ধ্যায় এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না। এ সময় গ্রামবাসী দুটি মোটরসাইকেলে পাঁচজনকে ওই দরবার শরীফে ঢুকতে ও বের হতে দেখেছেন। তখন তাঁরা ধারণা করেছিলেন, এঁরা হয়তো পীরের মুরিদ। এখন সবাই মোটরসাইকেলে আসা ব্যক্তিদের সন্দেহ করছেন। গ্রামবাসী এই জোড়া খুনকে জঙ্গিগোষ্ঠীর কাজ বলে সন্দেহ করলেও পুলিশ বলছে, তারা সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখছে।

>সোমবার সন্ধ্যায় এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না। এ সময় গ্রামবাসী দুটি মোটরসাইকেলে পাঁচজনকে ওই দরবার শরীফে ঢুকতে ও বের হতে দেখেছেন

গ্রামবাসীর কাছে ‘পীর বাবা’ বা ‘গুরু বাবা’ বলে পরিচিত ফরহাদ একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবহন ব্যবসার সুবাদে জেলা মোটর মালিক সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ২০১০ সালে দৌলা গ্রামে কাদরিয়া মোহাম্মদী দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। এই এলাকায় তাঁর অন্তত ৫০০ মুরিদ রয়েছেন বলে ভক্তরা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন জেলায় তাঁর আরও ভক্ত-মুরিদ রয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ভক্তদের আসতে দেখা যায়। বিকেলে দরবার প্রাঙ্গণেই তাঁকে দাফন করা হয়।
দিনাজপুর শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে দৌলা গ্রাম। ফসলের মাঠ আর বাঁশঝাড়বেষ্টিত ছয়টি বাড়ি। তিনটি বাড়ি পাশাপাশি। কিছুটা দূরে আর দুটি বাড়ি। এর একটু দূরেই দরবার শরীফ। একটি টিনশেড বাড়িতে কয়েকটি ঘর নিয়ে গড়ে উঠেছে এটি। বড় একটি ঘর দরবার কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। ঝালর দিয়ে সাজানো ওই ঘরটিতে পীরের জন্য একটি আসন রয়েছে। দরবারের এক পাশে রয়েছে কিছু বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম।
গতকাল সকালে ওই দরবারে গিয়ে দেখা যায়, মুরিদেরা কান্নাকাটি করছেন। তাঁদের বেশির ভাগই নারী। তাঁদের একজন খুশী বেগম বলেন, প্রতি বৃহস্পতিবার এখানে আসতেন। পীর ফরহাদ বয়ান করতেন, বড় পীরকে নিয়ে গানবাজনাও হতো। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলত। দিনাজপুরের বাইরে থেকেও অনেকে আসতেন। প্রতিবছর পয়লা বৈশাখে এখানে বার্ষিক ওরস হতো।
আরেক মুরিদ হারেসা বেগম বলেন, পীর প্রায় প্রতিবছরই গরিব মুরিদের মেয়েকে নিজ দায়িত্বে বিয়ে দিতেন। গত বৃহস্পতিবার রূপালীকে বিয়ে দিয়েছিলেন সিরাজুল নামের রাজশাহীর আরেক মুরিদের সঙ্গে। সোমবার সিরাজুলকে রাজশাহীর ট্রেনে তুলে দিয়ে রূপালীকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে দরবারে আসেন ফরহাদ। এরপরই দুজন খুন হন।
দরবারের সবচেয়ে কাছের বাড়ির আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় গরু ওঠানোর সময় দেখেন গাড়ি চালিয়ে ফরহাদ এসেছেন। আলমের স্ত্রী সেলিনা পারভীন বলেন, রাত নয়টার দিকেই হঠাৎ কান্না। তাঁরা তখন ভাত খেয়ে হাত ধুচ্ছিলেন। কান্না শুনে বেরিয়ে দেখেন, দরবারের খাদেম সাইদুর রহমান, ভক্ত সুফিয়া বেগম ও তাঁর ছেলে জনি চিৎকার করছেন। তিনি দরবারের ভেতরে গিয়ে দেখেন, বিছানার ওপর ফরহাদের নিথর দেহ পড়ে আছে। তাঁর গলায় কমলা রঙের একটি রশি ছিল। ডান হাতের কবজির নিচে একটি গভীর ক্ষত। আর চাদরের বুকের অংশে রক্তের দাগ লেগে আছে। তাঁর মুঠোফোনটিও রক্তে মাখা ছিল। ওয়ার্ডেরাবে রক্তের ছোপ। রূপালীর লাশ পাওয়া যায় স্টোররুমে।
খাদেম সাইদুর রহমান বলেন, তিনি আর জনি রাত নয়টার দিকে দরবারে আসেন। এসে দেখেন পীর ফরহাদ খাটের মাথার দিকে হেলান দিয়ে আধশোয়া, তাঁর ডান পা মেঝেতে ঝুলে আছে। সুফিয়া বেগম তাঁকে বলেন যে ‘পীর বাবা’ কথা বলছেন না, অজ্ঞান হয়ে আছেন। তিনিও ডেকে কোনো সাড়া পাননি। তারপর ঝুলে থাকা পা তুলে বিছানায় শুইয়ে দিতে গিয়ে বুকের কাছে জমাট রক্ত দেখেন। তখন তিনি বুঝতে পারেন, কেউ তাঁকে মেরেছে। তখন তিনি চিৎকার শুরু করেন।
গতকাল ঘটনাস্থলে এসে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আঘাতের ধরন দেখে মনে হয়েছে, খুব কাছে থেকে ৭.৬৫ রিভলবার দিয়ে ফরহাদ ও রূপালীকে গুলি করা হয়। দুজনকেই একটি করে গুলি করা হয়েছে। হাত, ঊরু, গলাসহ দুজনের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মিজানুর রহমান বলেন, যে ঘরে ফরহাদকে হত্যা করা হয়েছে, সেটি শীতাতপনিয়ন্ত্রিত। রূপালীকেও গুলি করা হয় বদ্ধ একটি ঘরের মধ্যে, খুব কাছে থেকে। এ কারণে কেউ হয়তো গুলির শব্দ শুনতে পাননি। ঘটনার তদন্তে পুলিশ ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।
ব্যক্তিজীবন ও তরিকা নিয়ে দ্বন্দ্ব
ফরহাদ হোসেনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। ধনী ব্যক্তি হিসেবেই পরিচিত। দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গায় পরিবার নিয়ে বাস করেন। ফরহাদ প্রায়ই দৌলা গ্রামে তাঁর দরবারে ভক্তদের সঙ্গে থাকতেন। মাঝে মাঝে পরিবারের সদস্যরাও আসতেন। ফরহাদ সচেতনভাবে বিরোধ এড়িয়ে চলতেন এবং ভক্তদেরও একই উপদেশ দিতেন বলে জানিয়েছেন কয়েকজন ভক্ত।
পারিবারিক সূত্রগুলো জানিয়েছে, ব্যক্তিগত বা জমিজমা নিয়ে কারও সঙ্গে ফরহাদের কোনো বিরোধ নেই। রাজনীতি ছেড়েছেন অনেক আগেই।
ফরহাদের খাদেম সাইদুর রহমান এবং দুই মুরিদ মো. সলিমুদ্দিন ও আয়শা বেগম প্রথম আলোকে বলেন, ফরহাদ ছিলেন বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর অনুসারী। কুড়িগ্রামের পাথরডুবি এলাকার পীর ইসাহাক আলীর মাধ্যমে ফরহাদ এই তরিকায় আসেন। কয়েক বছর আগে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আগে ইসাহাক আলী নিয়মিত ফরহাদের দরবার শরীফে আসতেন। বিরোধের পর আর আসতেন না। এরপর ইসাহাক আলী দৌলা গ্রামে এলে বাবু নামের এক ব্যক্তির বাড়িতে উঠতেন। তিনি ১০ থেকে ১২ দিন আগে এই গ্রামে এসেছিলেন।
পুলিশ গতকাল বাবুকে না পেয়ে তাঁর মা ও স্ত্রীকে ডেকে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ ছাড়া ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া মুরিদ জনি, তাঁর মা সুফিয়া বেগম ও খাদেম সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এখন স্থানীয় লোকজন ও ভক্তরা সবাই এই হত্যার জন্য জঙ্গিদেরই জোরালোভাবে সন্দেহ করছেন। তবে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবীর গতকাল ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, তদন্ত না করে বলা যাবে না, এটা জঙ্গিদের কাজ কি না।