গুলিতে আদিবাসী নিহত, আহত ৫
নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার প্রতিপক্ষের গুলিতে মিঠুন ওঁরাও (১২) নামের এক আদিবাসী শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের সনু ওঁরাওয়ের ছেলে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের হাফিজুল হক (২৫), উকিল ওঁরাও (২৮), নুর ইসলাম (৩০), বেলাল হোসেন (২৮) এবং সায়েদা বিবি (৩০)।
পত্নীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, ওই ঘটনায় একজন আদিবাসী শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। শিশুটির বাবা বাদী হয়ে পত্নীতলা থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছেন। পুলিশ ওই ঘটনায় ১৬ জনকে আটক করেছে। যে বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আবদুল মতিন, আবদুস সালাম, মোহাম্মদ আলম, ইউসুফ, সিদ্দিক, দেলায়ার হোসেন ও সুলাইমান। বাকিদের নাম জানা যায়নি।
এলাকাবাসী সূত্র জানায়, আকবরপুর গ্রামের বধুয়া পুকুর পাড়ের বাঙালি ও আদিবাসী ভূমিহীনদের উচ্ছেদের জন্য ওই গ্রামের লালু মণ্ডলের ছেলে আবদুল মতিন লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা চালান। সন্ত্রাসীরা ভূমিহীনদের বাড়িঘর ভাঙচুর ও তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় মতিনের বন্দুকের গুলিতে দুজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মিঠুন ওঁরাও মারা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই গ্রামের আবদুল মতিন, মফিজ উদ্দিন, আবদুল মজিদ, মোজামসহ ২০-২৫ জন বন্দুক, লাঠিসোঁটা, হাঁসুয়া, কুড়াল ইত্যাদি নিয়ে ভূমিহীনদের ওপর হামলা চালান। একপর্যায়ে আবদুল মতিন তাঁর লাইসেন্স করা দোনলা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে মিঠুন ওঁরাও, উকিল ওঁরাও, হাফিজুর রহমান, নুর ইসলাম, বেলাল হোসেন এবং সায়েদা বিবি গুরুতর আহত হন। তাঁদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মিথুন ওঁরাও মারা যায়। পরে আহত ব্যক্তিদের মধ্যে বেলাল হোসেন, হাফিজুর রহমান, নুর ইসলাম ও সায়েদা বিবিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই গ্রামের বাসিন্দা মনজিল ইসলাম বলেন, মিঠুন ওঁরাও তার বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। মিঠুন মান্দাইল উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত।
আকবরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্কাস আলী বলেন, এলাকাবাসীর কাছে এই জলাশয়টি পোরশার শাহ পরিবারের ওয়াক্ফ এস্টেটভুক্ত সম্পত্তি হিসেবে পরিচিত। কিন্তু ওই গ্রামের আবদুল মতিন ওই জমি তাঁর বলে মালিকানা দাবি করেন এবং পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রায় ছয় মাস আগে এলাকার ভূমিহীন বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রায় ১৫-১৬টি পরিবার ওই পুকুরপাড়ে বসবাস শুরু করে। এরপর থেকে মতিন এবং তাঁর ভাইয়েরা ভূমিহীনদের সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালান। ইতিমধ্যে তিনবার তাঁদের বাড়িঘর ভেঙে দেন মতিন। পরে ভূমিহীন ব্যক্তিরা আবার সেখানে বসবাস শুরু করেন। সর্বশেষ তাঁদের ওপর গতকাল হামলা চালান মতিন।