গুলিতে ছাত্রশিবিরের দুই কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও সিরাজগঞ্জে গুলিতে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী নিহত হয়েছেন। তাঁদের একজনের গুলিবিদ্ধ লাশ গতকাল সোমবার সকালে রাজশাহীতে উদ্ধার করে পুলিশ। আর অপরজন একই দিন ভোররাতে সিরাজগঞ্জে ‘ক্রসফায়ারে’ মারা যান বলে দাবি করে পুলিশ।
রাজশাহীতে নিহত শিবির কর্মীর বিরুদ্ধে নগরের শালবাগান এলাকায় পুলিশকে পেটানোসহ সাতটি মামলা রয়েছে। তাঁকে ধরিয়ে দিতে পুলিশ পোস্টার করেছিল। দুটি ঘটনাতেই ধরে নিয়ে যাওয়ার পর হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সিরাজগঞ্জে দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীতে নিহত শিবির কর্মী হলেন নগরের নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী শহিদুল ইসলাম। তাঁর বাড়ি নগরের ভাঁড়ালিপাড়ায়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম দাবি করেন, গতকাল সকালে নগরের খড়খড়ি বাইপাস সড়কের বড়বনগ্রাম এলা কায় অজ্ঞাতনামা একজন যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, উদ্ধার করা লাশটি শহিদুলের। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা তদন্তে জানা যাবে।
ছাত্রশিবিরের অভিযোগ: গত রোববার দুপুরের দিকে এক বিবৃতিতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সেক্রেটারি আবদুল্লাহ জোবায়ের ও সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন বলেন, শনিবার রাত দুইটার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাঁকে এখনো আদালতে হাজির করা হয়নি। তাঁর অবস্থান জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে অভিভাবকেরা যোগাযোগ করলে তাঁরা গ্রেপ্তারের কথা অস্বীকার করেন।
গতকাল সোমবার দুপুরে আরেকটি বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি শোয়েব শাহরিয়ার ও সেক্রেটারি হাসান তারিখ এ ঘটনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দাবি করে তীব্র নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তাঁরা।
তবে পুলিশ ছাত্রশিবিরের অভিযোগ নাকচ করে বলেছে, তারা এ রকম কাউকে গ্রেপ্তার করেনি।
পুলিশ পেটানোর ঘটনা: ২০১৩ সালের ১ এপ্রিল শিবির কর্মীরা শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে একটি মিছিল থেকে নগরের বোয়ালিয়া থানার একটি টহল দল ও উপশহর এলাকার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালান। তাঁর অস্ত্র, ওয়াকিটকি ও হেলমেট ছিনিয়ে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দেন শিবির কর্মীরা।
চলতি বছরের ৬ জানুয়ারিও একই সড়কের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে শিবির কর্মীরা হামলা করে বন্দুক ছিনিয়ে পুলিশকে পেটান। এ হামলায় শাহ মখদুম থানার এসআই জাহাঙ্গীর হোসেন, কনস্টেবল শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও জামাল উদ্দিন আহত হন।
এসব হামলার ঘটনায় করা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম। হামলার সময় ধারণ করা ছবির সাহায্যে পুলিশ শহিদুলকে ধরিয়ে দিতে পোস্টার করেছিল। ইতিমধ্যে মামলা দুটিতে তাঁর নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
‘ক্রসফায়ারে’ নিহত আরেক কর্মী : সিরাজগঞ্জ সদর থানা ভবন এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ-ছাত্রশিবিরের মধ্যে গোলাগুলি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আনিস হোসেন (১৮) নামের গুলিবিদ্ধ এক শিবির কর্মীকে আটক করার পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাতে তিনি মারা যান।
পুলিশের ভাষ্যমতে, গত রোববার রাতে শিবির কর্মীরা ওই থানা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। পুলিশ ধাওয়া করে আনিসকে ধরে ফেলে। পরে তাঁকে নিয়ে পুলিশ ধানবান্ধি নবদ্বীপুল এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় লিমন হোসেন (২৮), আমিনুল ইসলাম (২৭), আবদুল জব্বার (২৬), কাওছার আলী (২৬) ও বিপ্লব হোসেন (২৭) নামের পাঁচজনকে আটক করা হয়। সেখান থেকে তিনটি ককটেলও উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে আনিসকে নিয়ে সরকারি বিএল উচ্চবিদ্যালয় এলাকায় আরেকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ফেরার সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ক্রসফায়ারে পড়ে আনিস গুরুতর আহত হন। সেখান থেকে হাসপাতালে ভর্তির পর ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, আনিসের ডান পায়ের হাঁটুর নিচে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
জেলা জামায়াতের আমির শাহিনুর আলম দাবি করে বলেন, আনিস ক্রসফায়ারে নয়, পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছেন এসআই সেলিম মিয়া।