গুলিতে জামায়াত নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে মো. ওসমান গণি (৩০) নামে জামায়াতের এক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি করেছে পুলিশ। স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওসমান গণি দক্ষিণ রহমতনগর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক বলে নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই নিজামউদ্দিন।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা ইসলাম বলেন, ওসমান গণির কোমরের ওপরে গুলির চিহ্ন রয়েছে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের দাবি, দুপুরে ওসমান গণি খাবার নিজের ঘরে খেতে বসেছিলেন। এ সময় সাদা পোশাকে পাঁচজনের একটি পুলিশের দল তাঁকে গ্রেপ্তার করতে আসে। টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে পিছু ধাওয়া করে। বাড়ি থেকে কিছু দূরে পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় স্থানীয়রা সন্ত্রাসী দল মনে করে ধাওয়া দিলে পুলিশ দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের ভাষ্য, পুলিশ ধাওয়া করে একপর্যায়ে ওসমান গণিকে ধরে ফেলে। এ সময় তিনি পুলিশের একটি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। এর একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন।

ওসি বলেন, মৃত্যু নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গণির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড থানা সূত্র জানিয়েছে, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় ওসমান গণির বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৭টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।