সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম রাজনগর গ্রামে গত শনিবার সকালে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কৃষক মফিজুর রহমান ওরফে মফিজ মিয়া নিহত হন। পুলিশের গুলিতেই তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের দায়ের করা মামলায় মফিজকেই প্রধান আসামি করা হয়েছে।
গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। এতে মফিজ (৬০) ছাড়াও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মধ্যম রাজনগরের পূর্বপাড়ার জিলু মিয়ার (৬০) বাড়িতে ডাকাতেরা হানা দেয়। একপর্যায়ে তারা জিলুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে তারা সোনাই মিয়া (৪০) নামের এক ডাকাতকে আটক করে। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ গ্রামে আসে। তখন তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। কিছুক্ষণ পর সকাল সাতটার দিকে খবর আসে, ছুরিকাহত জিলু মারা গেছেন। এতে গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। একদল লোক পুলিশের কাছ থেকে সোনাইকে ছিনিয়ে নিয়ে পিটুনি দিতে চায়। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে কৃষক মফিজ গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষ চলাকালে পুলিশসহ ২২ জন আহত হন।
সংঘর্ষের এ ঘটনায় পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মফিজের নেতৃত্বে পুলিশের ওপর আক্রমণ করে আসামি (সোনাই মিয়া) ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে পুলিশ উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। নিহত মফিজকে ‘অজ্ঞাতনামা আসামিদের আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত’ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, মফিজ নিজের বোরো খেতে কাজ করছিলেন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিনি তা থামাতে আসেন। সংঘর্ষের পর গ্রামের রাজনগর ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, মফিজ কোমরের দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
মফিজকে প্রধান আসামি করার বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফুর রহমান প্রথম আলোকে বলেন, মামলাটি হয়েছে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায়। যেভাবে ঘটনা ঘটছে, সেভাবেই মামলা করায় মফিজকে প্রধান আসামি করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের গুলিতে মফিজের নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর গুলি কার, বিষয়টি নিশ্চিত করা হবে। এর আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
সংঘর্ষের দিন বিকেলে দক্ষিণ রাজনগরে মফিজের বাড়িতে গিয়ে জানা গেছে, চাষি মফিজের স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রী জাহানারা বেগম বলেন, প্রতিদিনের মতো ওই দিন সকালে মফিজ বাড়ির সামনে নিজের খেতে চাষবাস করতে গিয়েছিলেন। পরে তাঁরা শুনতে পান, সংঘর্ষ থামানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে মফিজ আহত হয়েছেন। পরে মারা যাওয়ার খবর পান।
গতকাল মুঠোফোনে জানতে চাইলে স্থানীয় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল মিয়া বলেন, ‘আমি ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে, পুলিশের গুলিতেই কৃষক মফিজ নিহত হন।’
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান বলেন, ঘটনার দিনই তিনি মফিজের পরিবারসহ আহত ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানতে পারেন, পুলিশের গুলিতেই মফিজ নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গ্রামবাসী ইটপাটকেল ছোড়ে। তিনি আরও বলেন, গ্রামবাসী কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। তারপরও নিহত মফিজকে প্রধান আসামি করা আসলে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।