গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে নিজের বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। পুলিশ বলছে, এটি আত্মহত্যার চেষ্টা নাকি অসতর্কতায় হয়েছে তা তদন্ত করা দেখা হচ্ছে। ওই কনস্টেবলের নাম আনন্দ বড়ুয়া।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেটে এই ঘটনা ঘটেছে। আনন্দ বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুন অর রশিদ হাজারী প্রথম আলোকে বলেন, কনস্টেবল আনন্দ বড়ুয়া বন্দরের ৩ নম্বর গেটে দায়িত্বরত ছিলেন। দায়িত্ব পালন শেষে শেডে গিয়ে বিশ্রামরত অবস্থায় থুতনিতে গুলিবিদ্ধ হন তিনি। তাঁর সঙ্গে একটি চাইনিজ রাইফেল ছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি আত্মহত্যার চেষ্টা নাকি অসতর্কতায় হয়েছে—বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিন মাস আগে আনন্দ বড়ুয়া প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম মহানগর পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। বন্দর জোনে রিজার্ভ ফোর্সে নিয়োজিত ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, গুলিবিদ্ধ আনন্দ বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।