গুলিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুরের রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল জলিল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে লক্ষ্মীপুরের পুলিশ সুপার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।
আবদুল জলিলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হরিভল্লবপুর গ্রামে।
আজ সকালে রায়পুর থানার এক কর্মকর্তা দাবি করেছিলেন, অসাবধানতাবশত নিজের এসএমজির ট্রিগারে আঙুল লেগে গুলিবিদ্ধ হন আবদুল জলিল। তবে লক্ষ্মীপুরের এসপি দাবি করেছেন, জলিলের শরীরে বিদ্ধ হওয়া গুলি শটগানের।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগের দিন থেকে রায়পুর উপজেলায় ঘন ঘন লোডশেডিং হচ্ছিল। এতে অনেকেরই কোরবানির মাংস নষ্ট হয়ে যায়। ফলে ২৪ ঘণ্টা বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুতের স্থানীয় গ্রাহকেরা গতকাল রাত আটটার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের তিন কিলোমিটার এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়পুর থানা পুলিশের সঙ্গে লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এঁদের মধ্যে আবদুল জলিলও ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সড়ক থেকে গাছ ও লোকজনকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
রাত সাড়ে ১২টার দিকে রায়পুর থানার সামনে একটি দোকানে বসে চা খাওয়ার সময় এএসআই আবদুল জলিল গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আবদুল জলিলকে উদ্ধার করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ জলিলের বড় ভাই আবদুল মতিনের কাছে হস্তান্তর করা হয়। বেলা তিনটার দিকে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরে পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ কর্মকর্তা আবদুল জলিলের শরীরে যে গুলি পাওয়া গেছে, ওই গুলি আবদুল জলিলের ব্যবহৃত এসএমজির গুলি নয়। এটা ছিল শটগানের গুলি। সড়ক অবরোধের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাঁকে গুলি করতে পারে অথবা অন্য পুলিশও এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে দাবি করেন এসপি।
এসপি আরও জানান, শটগানের এসব গুলি ব্যবহার করে মূলত সন্ত্রাসীরা।
তদন্ত কমিটি গঠন
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এএসপি সার্কেল মো. সৈকত শাহীন ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক আকন্দ।