গুলিতে প্রাণ গেল একজনের, মারা গেল দুই ছিনতাইকারীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত বাকি দুজন ছিনতাইকারী। ককটেল ছুড়ে মারার সময় তা হাতে বিস্ফোরিত হয়ে এবং পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল উল্টে তারা নিহত হয়েছে। ছিনতাইকারীদের ককটেল হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।
গত বুধবার রাতে ছিনতাইয়ের ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি একে ২২ রাইফেল, আটটি গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ৫ লাখ ৪০ হাজার ২৯০ টাকাভর্তি ব্যাগ।
বুধবার রাত সাড়ে ১১টা। চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকা। বাসায় ফিরতে রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন মেসার্স সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন একই প্রতিষ্ঠানের প্রহরী বাবুল দাশ। হঠাৎ মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী সত্য গোপালের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে তারা সত্য গোপালের পেটে গুলি করে। বাবুলকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। গুলির শব্দ এবং দুজনের চিৎকারে পথচারীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। কিন্তু একটি ককটেল এক ছিনতাইকারীর হাতেই বিস্ফোরিত হয়। দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটিও উল্টে যায়।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক ছিনতাইকারীর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, ককটেল বিস্ফোরণে ওই ছিনতাইকারীর দুই হাতের কবজি উড়ে যায়। তার মাথায়ও গুরুতর আঘাত ছিল। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া আরেক ছিনতাইকারী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রাত একটার দিকে মারা যায়। নিহত দুই ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, নিহত দুই ছিনতাইকারীর পরিচয় জানা না গেলেও তাদের পেছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ছিনতাইয়ের ঘটনার প্রত্যক্ষদর্শী আহত যুবক মো. সোহরাব ও মো. শাকিল গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। দেখতে পান রাস্তার ওপর এক লোক পড়ে আছেন। এক ছিনতাইকারীর হাতে অস্ত্র, আরেকজনের হাতে ককটেল। এগিয়ে গেলেও তাঁদের লক্ষ্য করে এক ছিনতাইকারী ককটেল ছুড়ে মারে। ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে তাঁদের পায়ে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণে পথচারীসহ ছয়জন আহত হয়েছেন। ছিনতাইকারীদের একজনের হাতে ককটেল বিস্ফোরিত হয়েছে। অন্যজনও ওই বিস্ফোরণে আহত হয়। আহতাবস্থায় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে তারা পড়ে যায়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে মারা যান সত্য গোপাল ভৌমিক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেলেও প্রতিষ্ঠানের প্রহরী বাবুল দাশ এখনো চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সদরঘাট থানায় ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহত দুই ছিনতাইকারীর পরিবারের কোনো লোকজন না আসায় শনিবার আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে তারা লাশ দুটি বেওয়ারিশ হিসেবে দাফন করে।