গুলিতে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গুলিতে বাবা ও ছেলে হত্যার ঘটনায় হওয়া মামলায় নাছির উদ্দিন (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার জনার কেঁওচিয়া গ্রামে নানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাছিরের বাড়ি খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট এলাকায়।

গত ৬ ফেব্রুয়ারি সকালে একটি পুকুরে মাছ ধরা নিয়ে উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট পশ্চিমপাড়া এলাকায় বড় ভাই শফিকুর রহমানের সঙ্গে ছোট ভাই মোহাম্মদ ইদ্রিচের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুলির ঘটনাও ঘটে। গুলিবিদ্ধ হয়ে ইদ্রিচ ও তাঁর ছেলে মোহাম্মদ খালেদ নিহত হন। ঘটনার পর ইদ্রিচের ছেলে মোহাম্মদ জাহেদ বাদী হয়ে নাছিরসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় নাছির পাঁচ নম্বর আসামি। তিনি নিহত দুজনের প্রতিবেশী। ঘটনার দিন তিনি শফিকুরের পক্ষে ছিলেন।