গুলিতে বিএনপির দুই কর্মী নিহতের দাবি, কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের তেবাড়িয়া মোড়ে আজ সোমবার সকালে গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের দলীয় লোক বলে দাবি বিএনপির। হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে প্রতিবাদে কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, নিহত দুজনের নাম রায়হান ও রাকিব। তাঁদের বয়স ২২-২৫ বছরের মধ্যে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, মিছিল করার উদ্দেশে শহরের তেবাড়িয়া মোড়ে জড়ো হচ্ছিলেন দলীয় লোকজন। সকাল সাড়ে ১০টার দিকে ওই দুজন গুলিবিদ্ধ হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক দাবি করেন, নিহত দুজন তাঁদের দলের লোক। দলের উদ্যোগে মিছিল করার প্রস্তুতিকালে আওয়ামী লীগের একটি মিছিল থেকে গুলি ছোড়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলিবিদ্ধ হওয়ার পর ওই দুই ব্যক্তিকে নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, কে বা কারা ওই দুজনকে গুলি করেছে, তদন্ত না করে তা বলা যাচ্ছে না।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি আগামীকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে। বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের কাছে এ কর্মসূচির কথা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।