গুলিতে বিএনপির ২ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের তেবাড়িয়া মোড়ে গতকাল সোমবার স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি হলে গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজনকে ছাত্রদলের নেতা ও অন্যজনকে যুবদলের কর্মী বলে দাবি করেছে বিএনপি।
এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে স্থানীয় বিএনপি আজ মঙ্গলবার নাটোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
নিহত দুজন হলেন: নাটোর এনএস সরকারি কলেজের বিবিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের রাকিব মুন্সি (২১) ও সিংড়া পৌর শহরের গাইনপাড়া মহল্লার মিঠুন আলীর ছেলে রায়হান আলী (২৩)।
নাটোর সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে তেবাড়িয়া চার রাস্তার মোড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই মোড় দিয়েই আনন্দ মিছিল নিয়ে বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। একপর্যায়ে আওয়ামী লীগের মিছিলের লোকজন বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করে। এ সময় পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ হয়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। তাঁরা তিনটি গ্যাসবোমা ফাটিয়ে উপস্থিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। সেখানে বিএনপির ১০ থেকে ১২ জন নেতা-কর্মী আহত হন। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ রাকিব ও রায়হানকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ তাঁদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত দুই যুবকের প্রত্যেকের বুকে একটি করে গুলির চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন চা বিক্রেতা বলেন, ‘ঘটনার সময় চার রাস্তার মোড়ে নাটোর-রাজশাহী সড়কের উত্তর পাশে বিএনপির লোকজন জড়ো হয়েছিল। এ সময় দক্ষিণ দিক থেকে আওয়ামী লীগের একটি মিছিল সড়কে ওঠার সঙ্গে সঙ্গে গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে আমরা দোকান বন্ধ করে চলে যাই।’
দুপুরের দিকে শহরে ইটাবাড়িয়ায় রাকিবদের বাসায় তাঁর বাবার সঙ্গে এ প্রতিনিধির কথা হয়। বাবা চাঁন মুন্সি বলেন, ‘ছেলে আমার ছাত্রদলের রাজনীতি করত। তবে কখনো কারও কোনো ক্ষতি করেছে বলে শুনিনি। সে পড়ালেখার পাশাপাশি কিছু ব্যবসা করত। এখন ওকে ছাড়া আমি আর ওর মা কীভাবে বাঁচব?’
অপর দিকে রায়হান আলীর স্ত্রী প্রথম আলোকে জানান, তাঁর স্বামী শহরে রাকিবদের বাসায় বেড়াতে এসেছিল। এক সন্তানের জনক ছিল রায়হান।
সিংড়ার স্থানীয় সূত্র জানায়, রায়হানের বাবা সিংড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ হোসেন ওরফে দেওয়ান শাহীন নিহত রাকিবকে এনএস কলেজ শাখা ছাত্রদলের সদস্য এবং রায়হানকে যুবদলের কর্মী বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পরিকল্পিতভাবে খুব কাছে থেকে গুলি করে ওই দুজনকে হত্যা করেছে। এ ঘটনার সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়নি। অতর্কিতভাবে গুলি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস বলেন, ‘আমাদের আনন্দ উৎসব পণ্ড করতে বিএনপিই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক গতকাল বেল দেড়টার দিকে আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হরতালের ঘোষণা দেন। তিনি জানান, আজ নাটোর জেলায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, ‘দুজনকেই খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে।’ তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক দাবি করেন, শহরের কোথাও কোনো সংঘর্ষ হয়নি। তিনি বলেন, ‘এভাবে দুজনের মৃত্যু হবে তা আমরা কল্পনাও করিনি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’