গুলিতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ছোট ভাই

নেশার টাকা না পেয়ে যশোরের শার্শা উপজেলায় বড় ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে সেই ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
গ্রেপ্তার ছোট ভাইয়ের নাম আমজাদ হোসেন (২৬)। তাঁর কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও কয়েক বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিহত বড় ভাইয়ের নাম রাসেল হোসেন (৩৫)। বেনাপোল বন্দর শহরে তাঁর প্রসাধনসামগ্রীর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাসেল ও আমজাদ আপন সহোদর। তাঁদের বাবার নাম ইদ্রিস আলী। তাঁরা শার্শার কাগজপুকুর গ্রামের বাসিন্দা।
নিহত রাসেলের চাচা আবদুল করিম সাংবাদিকদের বলেন, আমজাদ মাদক সেবন করেন। গতকাল মঙ্গলবার রাতে আমজাদ নেশার জন্য তাঁর ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ সকাল ১০টার দিকে আবার আমজাদ তাঁর ভাই রাসেলের ঘরে গিয়ে টাকা দাবি করেন। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তাঁর গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ভাইকে হত্যার পর অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাদিপুর সীমান্ত থেকে আমজাদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। এ বিষয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।