গুলিতে মোটরসাইকেলচালক নিহত
বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে এক মোটরসাইকেলচালক নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারসংলগ্ন যুগীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা একটি মোটরসাইকেলযোগে বাগেরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তির নাম হাসান (৩৫)। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। তাঁর বাড়ি খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে। পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন খুলনার প্রদীপ সাহা ও মো. রফিক। খুলনার কালীবাড়ি বাজার এলাকার খৈল-ভুসির বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁরা যুক্ত।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, শুক্রবার বিকেলে খুলনা শহরের কালীবাড়ি এলাকার খৈল–ভুসির ব্যবসা প্রতিষ্ঠান এম দেওয়ান স্টোরের ম্যানেজার প্রদীপ সাহা তাঁর অপর সঙ্গী রফিককে নিয়ে একটি ভাড়ার মোটরসাইকেলে করে বাগেরহাটের রামপাল ও সদর উপজেলায় ব্যবসায়িক পাওনা টাকা নিতে আসেন। সেখান থেকে খুলনায় ফেরার পথে রাত নয়টার দিকে যুগীডাঙ্গা এলাকায় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে মোটরসাইকেলচালক হাসান ঘটনাস্থলেই নিহত হন।
পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘নিহত হাসানের পিঠে অন্তত তিনটি গুলির চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাঁরা গুলিবিদ্ধ কি না, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’
পঙ্কজ চন্দ্র রায় আরও বলেন, এই ব্যবসা প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরে বাগেরহাট এলাকায় ব্যবসা করে আসছে। সপ্তাহের প্রতি শুক্রবার প্রতিষ্ঠানের কর্মচারীরা খুলনা থেকে বাগেরহাটে পাওনা টাকা আদায়ে আসা যাওয়া করছিলেন। তাঁদের কাছ থেকে টাকা ছিনতাই করতে দুর্বৃত্তরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।