গুলিতে যুবলীগ কর্মী নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে গতকাল শুক্রবার রাতে মো. জামাল উদ্দিন (৩২) নামে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এ হত্যাকাণ্ডের জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে আওয়ামী লীগ। তবে শিবিরের দাবি, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে।
জামালের বাড়ি উপজেলার এওচিয়া ইউনিয়নের শান্তিরটেক দক্ষিণ শরীফপাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে আট-দশজন মুখোশধারী সন্ত্রাসী দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ফুলতলা বাজারে প্রবেশ করে। তারা অটোরিকশা থেকে নেমে গুলি করতে করতে সামনে এগোতে থাকে। একপর্যায়ে তারা বাজারের একটি দোকানের সামনে বসা জামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জামাল ঘটনাস্থলেই নিহত হন। এরপর সন্ত্রাসীরা অটোরিকশাযোগে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, পুলিশ জামালের লাশ উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
যুবলীগের স্থানীয় নেতা মোহাম্মদ আলম বলেন, জামালসহ তাঁরা কয়েকজন বাজারে বসে কথা বলছিলেন। এ সময় শিবিরের মুখোশধারী সন্ত্রাসীরা অটোরিকশা থেকে নেমে একজনকে লাথি মেরে ফেলে দেয়। এরপর জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জামাল ঘটনাস্থলে নিহত হন।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, জামাল এওচিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী। তিনি ব্যক্তিগত কাজে ফুলতলা বাজারে গেলে শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁকে গুলি করে হত্যা করেছে।
তবে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তৌফিক এলাহি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জামাল খুন হয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, জামালকে শিবিরের সন্ত্রাসীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ ওই এলাকায় এ ধরনের ঘটনা তারাই ঘটাতে পারে।