গুলিতে যুবলীগ কর্মী নিহত, বাড়িতে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিতে আহত যুবলীগের কেন্দ্রীয় এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক আরেকটি ঘটনায় এক কর্মীকে মারধর করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে একটি বাড়িতে।

গতকাল দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরববাজার ও চরবগুলা এলাকায় এসব ঘটনা ঘটে। হাতিয়ায় অবস্থান করা নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা গতকাল দুপুরে মুঠোফানে প্রথম আলোকে বলেন, গুলিতে নিহত যুবকের নাম নূর আলম (২৫)। তাঁর বাড়ি চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামে। সংঘর্ষে তাঁর বড় ভাই মুক্তার হোসেনও (৩৫) গুরুতর আহত হয়েছেন।

এর আগে গত ৩০ মার্চ উপজেলার চরকিং ইউনিয়নের আফাজিয়া বাজারে প্রতিপক্ষের ছররা গুলিতে গুরুতর আহত হন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন। ৯ এপ্রিল (রোববার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আশরাফ হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক ছিলেন। তাঁর বড় ভাই হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। তিনি চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আশরাফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত উপজেলার চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই সময় আগুন দেওয়া হয় ৫টি ট্রলারে, ভাঙচুর ও লুটপাটের শিকার হয় বেশ কটি দোকান। বুধবার উপজেলার তমরুদ্দিন ইউনিয়নের চরচেঙ্গাঘাট থেকে ছেড়ে যাওয়ার একটি সি-ট্রাক লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ছাড়া রোববার থেকে বন্ধ রয়েছে চরকিং ইউনিয়নের নলচিরাঘাটটি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।

হাতিয়ায় আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

পুলিশ সূত্র ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চরকিং ইউনিয়নের ভৈরববাজার এলাকা থেকে যুবলীগের নেতা আশরাফ হত্যা মামলার আসামি মুরাদকে ধরতে তাঁর বাড়িতে যায়। কিন্তু তাঁকে না পেয়ে ডিবির সদস্যরা ফিরে আসেন। এরপরই ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী লীগের নেতা মহিউদ্দিনের অনুসারীরা। এর কিছুক্ষণ পর একই ইউনিয়নের ব্রিজবাজারে তিন-চারটি দোকান ভাঙচুর করা হয়। বাজারের কাছাকাছি আবু তাহের নামে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে সেখানে মোহাম্মদ আলীর অনুসারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে পাঁচজন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ নূর আলম ঘটনাস্থলেই মারা যান। হামলায় আহত তাঁর ভাই মুক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মুহিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ওই ঘটনার আগে বেলা সাড়ে ১১টার দিকে ভৈরববাজার, ব্রিজবাজার ও চরবগুলা থেকে চারজনকে ধরে পিটিয়ে আহত করে মহিউদ্দিনের অনুসারীরা। এর মধ্যে বাহার সর্দারকে (৪৫) পিটিয়ে ব্রিজবাজারের কাছে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। গতকাল বিকেল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আশরাফের হত্যা মামলার আসামি ধরার জন্য পুলিশ ভৈরববাজার এলাকায় যায়। এ সময় এলাকার সাধারণ লোকজনও পুলিশকে অভিযানে সহায়তা করতে এগিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর অনুসারীরা সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে নিহত যুবলীগের কর্মী নূর আলম তাঁর অনুসারী বলে তিনি দাবি করেন।

তবে মহিউদ্দিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাবেক সাংসদ মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, গতকাল সকাল থেকে ভৈরববাজার, ব্রিজবাজার ও চরবগুলার বিভিন্ন বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সংঘর্ষের বিষয়ে গতকাল বিকেলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সহিংসতা এড়াতে চরকিং ইউনিয়নে পুলিশের টহল বাড়ানো হয়েছে।