লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা আহত হয়েছেন। গত শনিবার রাতে সদর উপজেলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনির হোসেন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ৯ নম্বর কাশিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
আহত যুবলীগ নেতার বড় ভাই আবদুল হক জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে কাশিপুর এলাকার একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে রহিম উদ্দিন পাটওয়ারীবাড়ি জামে মসজিদের সামনে সন্ত্রাসীরা মনিরকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মনির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।